ঘূর্ণিঝড় অর্ণবের অবশিষ্টাংশ এখন সুস্পষ্ট নিম্নচাপ। তার মধ্যেই বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরির পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ মেঘলা। বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিও হচ্ছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আন্দামান সাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত থেকেই নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে রয়েছে সেটি। আগামী দিনে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে শক্তি বাড়াতে পারে নিম্নচাপটি। পরে তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসম ভবনের প্রাথমিক পূর্বাভাস, শেষ পর্যন্ত সেটির অভিমুখ হতে পারে অন্ধ্রপ্রদেশ উপকূল।

শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ৫ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়ায় খুব একটা বদলের ইঙ্গিত নেই। মাঝে বৃষ্টি কমলেও বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে তা চলতে পারে।

উত্তরবঙ্গে পরিস্থিতি তুলনায় বেশি উদ্বেগের। শুক্রবার থেকে সেখানে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দার্জিলিং ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি হয়েছে। দু-একটি জায়গায় বৃষ্টির পরিমাণ ২০০ মিলিমিটারেও পৌঁছতে পারে। কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

১ থেকে ৫ নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। তবে শনিবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস।

Leave a comment