৪৩ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ৯৪-এর সুপারনোভা সোসাইটিতে। শনিবার ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম সম্ভব জৈন। গুরুগ্রামের আইএমটি মানেসার এলাকার বাসিন্দা ছিলেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও ফরেনসিক দল। কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার আগের দিন শুক্রবার অনলাইনে সুপারনোভা সোসাইটির একটি ঘর বুক করেছিলেন সম্ভব। পরদিন ওই ঘর থেকেই তাঁকে বহুতলের বারান্দার বাইরে দেখা যায়। পাশের ঘরে এসি মেরামতির কাজে থাকা এক ব্যক্তি বিষয়টি লক্ষ্য করেন। তিনি যুবককে নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে আটকানো সম্ভব হয়নি।

ঘটনার পর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি The Point।  ভিডিওতে বহুতলের উপরের অংশে এক ব্যক্তিকে দেখা যায়। নীচে থাকা কয়েকজনকে আতঙ্কিত হয়ে চিৎকার করতেও শোনা যায়। এর কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা।

পুলিশ সোসাইটির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখছে। পাশাপাশি মৃতের মোবাইল ফোন থেকেও তথ্য নেওয়া হচ্ছে। তদন্তকারীদের দাবি, ঘটনার আগে সম্ভব একটি ভিডিও রেকর্ড করেছিলেন। সেখানে নিজের আর্থিক সমস্যার কথা উল্লেখ করেছিলেন বলে পুলিশ সূত্রে খবর। ওই ভিডিওতে আত্মহত্যার ইঙ্গিত ছিল বলেও তদন্তকারীদের দাবি। 

এদিকে, সম্ভবের ফোন থেকে তাঁর বাবার সঙ্গে হওয়া হোয়াটসঅ্যাপ কথোপকথনও উদ্ধার করেছে পুলিশ। সেখানে তিনি আত্মহত্যার কথা লিখেছিলেন বলে তদন্তকারীদের দাবি। ওই বার্তাগুলি কখন পাঠানো হয়েছিল এবং তার আগে কী ঘটেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ এখন সম্ভবের সাম্প্রতিক গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করছে। তাঁর আর্থিক সমস্যার কারণ কী ছিল, ঘটনার আগে কারও সঙ্গে যোগাযোগ হয়েছিল কি না এবং কেন তিনি ওই সোসাইটিতে ঘর বুক করেছিলেন, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Leave a comment