রাজ্যে নতুন সরকারের প্রথম দুর্গাপুজো। তার আগে সোমবার একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে কর্মসংস্থান, পুলিশ ও শিক্ষা ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্তের কথা জানান তিনি। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে বিভিন্ন সরকারি দফতরে ১৪ হাজারের বেশি নিয়োগ হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
কর্মবন্ধুদের পারিশ্রমিক বাড়ানোর কথা এদিন ঘোষণা করেছেন শুভেন্দু। ভূমি ও ভূমি রাজস্ব দফতরের সাফাইকর্মীদের মাসিক ভাতা ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা করা হয়েছে। চলতি মাস থেকেই বর্ধিত ভাতা পাবেন তাঁরা। মহালয়ার দিন, ১০ অক্টোবর রাজ্য পুলিশের জরুরি পরিষেবার জন্য ১১২ নম্বর চালু হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। সেদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে বিভিন্ন থানার হাতে ৪০০টি গাড়ি ও ৪৫০টি মোটরবাইক তুলে দেওয়া হবে।
পুলিশে নিয়োগের ক্ষেত্রেও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগামী ১১ অক্টোবর রাজ্য পুলিশের প্রথম ব্যাচের প্রায় ১২ হাজার কর্মীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন সরকারি দফতরে ১৪ হাজার ৪৫৪টি নতুন পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। পিএসসি এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ হবে। ৬ থেকে ৮ মাসের মধ্যে পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু।
বনদফতর, দমকল, কারা, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক-সহ একাধিক দফতরে এই নিয়োগ হবে। যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত শেষ করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
পড়ুয়াদের জন্যও বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তফসিলি জাতি ও উপজাতি পড়ুয়াদের হস্টেলে খাবারের জন্য মাসিক বরাদ্দ ১৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩৩০০ টাকা করা হয়েছে। পুজোর আগেই এই সুবিধা কার্যকর হবে।
অবিবাহিত মহিলাদের উচ্চশিক্ষার জন্য ‘ভগিনী নিবেদিতা স্কিম’ চালুর কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে তিন বছর ধরে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। পুজোর আগে মন্ত্রিসভার একগুচ্ছ সিদ্ধান্তে কর্মসংস্থান থেকে শিক্ষা—বিভিন্ন ক্ষেত্রে একাধিক নতুন ঘোষণার কথা সামনে আনল রাজ্য সরকার।

Leave a comment