কলকাতা মেট্রোয় মোটরম্যানের ঘাটতি মেটাতে উদ্যোগী হল রেল বোর্ড। মেট্রোর পরিষেবা বাড়ানো এবং ট্রেনের ব্যবধান কমানোর পরিকল্পনা রয়েছে। কিন্তু প্রয়োজনের তুলনায় চালকের সংখ্যা কম থাকায় সমস্যা তৈরি হচ্ছে। এই ঘাটতি মেটাতে পূর্ব রেল ও দক্ষিণ-পূর্ব রেলকে প্রয়োজনীয় কর্মীর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে বোর্ড।
গত ২ সেপ্টেম্বর নয়াদিল্লিতে রানিং স্টাফদের সংখ্যা ও প্রয়োজনীয়তা নিয়ে বৈঠক করে রেল বোর্ড। সেখানে কলকাতা মেট্রোর কর্মীসংক্রান্ত পরিস্থিতি পর্যালোচনা করা হয়। দেখা যায়, মেট্রোয় মোটরম্যানের অনুমোদিত পদ ৩৯৬টি। তার মধ্যে কর্মরত রয়েছেন ২৮২ জন। শান্টারের ক্ষেত্রেও কর্মীর ঘাটতি রয়েছে। ৩১টি অনুমোদিত পদের মধ্যে কাজ করছেন ২৪ জন।
রেল বোর্ডের তথ্য অনুযায়ী, কলকাতা মেট্রোয় বর্তমানে মোট ৩০৬ জন রানিং স্টাফ রয়েছেন। তাঁদের মধ্যে ১৬৪ জন পূর্ব রেল এবং ৮০ জন দক্ষিণ-পূর্ব রেল থেকে ডেপুটেশনে কাজ করছেন। অর্থাৎ, এই দুই রেল জোন থেকে আসা মোট ২৪৪ জন কর্মী মেট্রোর পরিষেবার সঙ্গে যুক্ত।
মেট্রোর জন্য ১২১ জন রানিং স্টাফের প্রয়োজন মেটাতে দুই রেল জোনকে ব্যবস্থা নিতে বলেছে রেল বোর্ড। বোর্ডের হিসাব অনুযায়ী, পূর্ব রেল ও দক্ষিণ-পূর্ব রেলের সম্মিলিত রানিং স্টাফের সংখ্যার মাত্র ০.৬ শতাংশ কর্মী প্রয়োজন কলকাতা মেট্রোর। তাই এই ঘাটতি পূরণে দুই জোনের সাহায্য চাওয়া হয়েছে। পাশাপাশি, অন্য রেল জোন থেকেও কর্মী আনার সম্ভাবনা খতিয়ে দেখতে বলা হয়েছে। প্রয়োজনে আগ্রহী কর্মীদের কাছ থেকে অপশন চাওয়া হতে পারে।
কর্মীসংকট কাটাতে শুধু অন্য জোন থেকে কর্মী আনার উপরেই নির্ভর করতে চাইছে না রেল বোর্ড। স্থায়ী পদে আউটসোর্সিং বা পুনর্নিয়োগের সম্ভাবনাও খতিয়ে দেখতে বলা হয়েছে। পাশাপাশি, যেসব রানিং স্টাফ বর্তমানে ট্রেন চালানোর বদলে অন্য দায়িত্বে রয়েছেন, তাঁদের ফের ট্রেন পরিচালনার কাজে ফিরিয়ে আনার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৪ অগস্ট অন্য রেল জোন থেকে ডেপুটেশনের ভিত্তিতে রানিং স্টাফ নেওয়ার অনুমতি চেয়ে রেল বোর্ডকে চিঠি দিয়েছিল কলকাতা মেট্রো। নেটওয়ার্কের সম্প্রসারণ, পরিষেবার সময় বাড়ানো এবং ট্রেনের ব্যবধান কমানোর পরিকল্পনার কারণে আরও মোটরম্যানের প্রয়োজন বলে জানিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ।
এখন রেল বোর্ডের নির্দেশ মেনে কর্মী জোগাড়ের ব্যবস্থা কত দ্রুত করা যায়, সেটাই দেখার। পর্যাপ্ত কর্মী পাওয়া গেলে মেট্রোর পরিষেবা বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়নে সুবিধা হতে পারে।

Leave a comment