খুনের মামলায় জামিন পাওয়ার পর নিজের মৃত্যুর খবর ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন উত্তরপ্রদেশের রাজকুমার রাজভর। অভিযোগ, সেই পরিকল্পনাকে বিশ্বাসযোগ্য করে তুলতে শ্মশানে চিতার উপর শুয়ে থাকার ছবি এআই দিয়ে তৈরি করেছিলেন তিনি। শেষকৃত্যের ছবিও বানানো হয়েছিল। কিন্তু এত কিছুর পরেও পুলিশের নজর এড়াতে পারলেন না রাজকুমার। রবিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালের ১৯ ডিসেম্বর মুন্সিপুরা রেললাইনের কাছে যোগেশ সিং (৩৮) নামে এক ব্যক্তিকে গুলি করে খুনের অভিযোগ ওঠে রাজকুমারের বিরুদ্ধে। ঘটনার পর নিহতের ভাগ্নে অবিনাশ সিং থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে রাজকুমার রাজভর ও তাঁর বন্ধু সুদর্শন রাজভরের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। পরে দু’জনেই জামিন পান।

তদন্তকারীদের দাবি, জামিনে মুক্ত হওয়ার পর খুনের মামলার আইনি ঝামেলা থেকে বাঁচতে নিজের মৃত্যুর ভুয়ো কাহিনি সাজানোর পরিকল্পনা করেন রাজকুমার। ২০২৫ সালের ৩০ মে গাজিপুরে সেই পরিকল্পনা কার্যকর করার চেষ্টা করেন তিনি বলে অভিযোগ। এমন ছবি তৈরি করা হয়েছিল, যাতে মনে হয় শ্মশানে চিতার উপর শুয়ে রয়েছেন রাজকুমার। তাঁর শেষকৃত্য হয়ে গিয়েছে, এমনটা বোঝাতেও ছবি তৈরি করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি, রাজকুমারের বদলে একটি ছাগলকে দাহ করা হয়েছিল।

তবে পুলিশের নজরদারি চলছিলই। গোপন সূত্রে খবর পেয়ে ২৫ অক্টোবর, রবিবার সকাল ৯টা নাগাদ খাজা জাহানপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কোতোয়ালি নগর থানার পুলিশ।

পুলিশ সুপার অনুপ কুমার জানিয়েছেন, রাজকুমার শেয়ার বাজারের ব্যবসার সঙ্গে যুক্ত। বিভিন্ন শহরে শেয়ারে বিনিয়োগের কথা বলে তিনি অনেকের কাছ থেকে টাকা সংগ্রহ করেছিলেন বলেও অভিযোগ। পুলিশের দাবি, খুনের মামলার পাশাপাশি বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার দায় এড়াতেও নিজের মৃত্যুর গল্প সাজিয়ে থাকতে পারেন তিনি।

ইতিমধ্যেই রাজকুমারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আরও একটি মামলা দায়ের হয়েছে। কীভাবে নিজের মৃত্যুর ভুয়ো ছবি তৈরি করে গোটা ঘটনাকে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করেছিলেন তিনি এবং এই পরিকল্পনায় অন্য কেউ যুক্ত ছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a comment