কালীপুজোর সময় বাড়ির ছাদ থেকে কিংবা রাস্তার পাশে দাঁড়িয়ে ফানুস ওড়ানোর ছবি পরিচিত। তবে এ বার ফানুস ও এয়ার বেলুন ব্যবহারে নিয়ম মানার উপর জোর দিল রাজ্য পুলিশ। কালীপুজোর প্রস্তুতি নিয়ে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তা জানান, অনুমতি বা লাইসেন্স ছাড়া ফানুস ওড়ানোর ঘটনায় দুর্ঘটনার আশঙ্কা থাকে। সেই কারণেই এ বিষয়ে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। তবে সাধারণভাবে ফানুস ওড়ানোর ক্ষেত্রেও লাইসেন্স লাগবে কি না, কোথা থেকে সেই অনুমতি পাওয়া যাবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কালীপুজো উপলক্ষে বাজি ব্যবহারের ক্ষেত্রেও একাধিক নির্দেশ দিয়েছে প্রশাসন। নবান্নে সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ গ্রিন বাজি ব্যবহারের উপর জোর দেন। হাসপাতাল, স্কুল, কলেজ ও বৃদ্ধাশ্রমের মতো সাইলেন্ট জোনের ১০০ মিটারের মধ্যে শব্দবাজি ফাটানো যাবে না বলে স্পষ্ট করে দেন তিনি। ওই এলাকাগুলিতে নীরবতা বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

বাজি বিক্রি ও ব্যবহারের উপর নজরদারি বাড়ানোর পাশাপাশি নিষিদ্ধ বাজির বিরুদ্ধে অভিযান চালাবে পুলিশ। উৎসবের দিনগুলিতে চলবে পেট্রোলিংও। বাজি সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে সাধারণ মানুষ যাতে তা জানাতে পারেন, তার জন্য কন্ট্রোল রুম চালু করার কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, শুধু কড়াকড়ি করে নয়, মানুষের সচেতনতার মাধ্যমেও দুর্ঘটনা ও শব্দদূষণ কমানো সম্ভব। উৎসবের আনন্দ যাতে অন্যের অসুবিধার কারণ না হয়, সেই বার্তাই দিয়েছেন স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ।

Leave a comment