উত্তর দিনাজপুরে প্রশাসনিক বৈঠকে নাগরিকত্ব থেকে সীমান্ত নিরাপত্তা, একাধিক বিষয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের সিএএ-তে নাগরিকত্ব দেওয়ার কাজ দ্রুত শেষ করতে হবে বলে জানিয়ে দিলেন তিনি। একই সঙ্গে জেলায় অবৈধ মাদ্রাসা থাকলে তা বন্ধ করার নির্দেশ দিয়েছেন পুলিশকে।
বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, জেলায় সিএএ-তে নাগরিকত্বের জন্য প্রায় ৯ হাজার আবেদন জমা পড়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সেই সব আবেদনের শুনানি শেষ করতে হবে। বাংলাদেশে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এ দেশে আসা হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে যাতে অযথা দেরি না হয়, সে দিকে নজর রাখতে বলেছেন তিনি। তফসিলি জাতিভুক্ত আবেদনকারীদের এসসি শংসাপত্র দেওয়া এবং জানুয়ারির ভোটার তালিকায় তাঁদের নাম তোলার বিষয়টিও দেখার নির্দেশ দিয়েছেন।
যাঁরা এখনও সিএএ-তে আবেদন করেননি, তাঁদেরও দ্রুত আবেদন করার কথা বলেছেন শুভেন্দু। এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রসঙ্গ টেনে তিনি জানান, নাগরিকত্ব দেওয়ার কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তাঁর উপর রয়েছে। বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করার উপরেই জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সীমান্ত দিয়ে অনুপ্রবেশের বিষয়েও এদিন সরব হন শুভেন্দু। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে স্থানীয় বাসিন্দাদের পুলিশ ও বিএসএফকে সাহায্য করার আবেদন জানান তিনি। উত্তর দিনাজপুর বাংলাদেশের সীমান্ত লাগোয়া জেলা। সেখানে সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফের হাতে জমি তুলে দেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
জেলায় অবৈধ মাদ্রাসা নিয়েও পুলিশকে সতর্ক করেছেন শুভেন্দু। তাঁর নির্দেশ, কোনও অবৈধ মাদ্রাসা রাখা যাবে না। দেশবিরোধী কাজকর্মের ক্ষেত্রেও কোনও রকম আপস করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।
এদিনের সভা থেকে রাজনৈতিক বিরোধীদেরও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। নাম না করে বামপন্থী ও অন্যান্য বিরোধী শক্তিকে কটাক্ষ করেন তিনি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শের কথা তুলে ধরে শুভেন্দু বলেন, রাষ্ট্রের স্বার্থই সবার আগে।

Leave a comment