CAA-র সার্টিফিকেট বিলি নিয়ে এবার নিজের দায়িত্বের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রায়গঞ্জের সভায় তিনি দাবি করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই কাজের দায়িত্ব তাঁর হাতেই দিয়েছেন। বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে এ দেশে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া দ্রুত শেষ করতে চান তিনি। সেই কারণে ৩০ নভেম্বরের মধ্যে আবেদনগুলির শুনানি শেষ করার নির্দেশ দিয়েছেন জেলাশাসককে।
সভায় শুভেন্দু বলেন, “আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আয়রন ম্যান, অমিত শাহজি এখন আমার ওপরেই দায়িত্ব দিয়ে দিয়েছেন, CAA সার্টিফিকেট দেওয়ার জন্য।” তাঁর দাবি, জেলায় প্রায় ৯ হাজার আবেদন জমা পড়েছে। বাংলাদেশে হিন্দু হওয়ার কারণে যাঁদের দেশ ছাড়তে হয়েছে, তাঁদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা হবে।
রায়গঞ্জের সভা থেকে বিএসএফের জমি হস্তান্তরের হিসাবও দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, মোট ৭.৯৫৬ একর জমির মধ্যে ৭.৯১৬১ একর ইতিমধ্যেই বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে।
CAA-র প্রসঙ্গে শরণার্থী ও অনুপ্রবেশকারীর মধ্যে ফারাকের কথাও তুলে ধরেন শুভেন্দু। তাঁর বক্তব্য, বাংলাদেশ থেকে প্রাণ ও ধর্ম বাঁচাতে যাঁরা ভারতে আশ্রয় নিয়েছেন, তাঁরা অনুপ্রবেশকারী নন, শরণার্থী। হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের CAA-র আওতায় নাগরিকত্বের জন্য আবেদন করার কথাও বলেন তিনি।
৯ হাজার আবেদনের মধ্যে যাঁরা তফশিলি জাতিভুক্ত এবং নিয়ম অনুযায়ী যোগ্য, তাঁরা এসসি সার্টিফিকেট পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী। জানুয়ারি মাসের ভোটার তালিকায় তাঁদের নাম তোলার বিষয়েও আশ্বাস দেন তিনি।
এদিকে, বাংলাদেশি সন্দেহে আটক ব্যক্তিদের নিয়ে প্রশাসনকে সতর্ক করেছেন শুভেন্দু। তাঁর নির্দেশ, বাংলাদেশ থেকে আসা কোনও হিন্দু শরণার্থী যেন জেলে না থাকেন। এমন কেউ আটক হয়ে থাকলে তাঁর ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে হবে। বিষয়টি খতিয়ে দেখতে জেলাশাসককে নির্দেশ দিয়েছেন তিনি।

Leave a comment