গত ৩০ আগস্ট থেকে শুরু হয়েছে ‘বিগ বস বাংলা’। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় জমে উঠেছে এই রিয়্যালিটি শো। এবারের প্রতিযোগীদের তালিকায় রয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর লাফটারসেন ওরফে নিরঞ্জন মণ্ডল। তবে বিগ বসের ঘরে তাঁর উপস্থিতি নিয়ে এবার প্রশ্ন তুললেন অভিনেত্রী রূপালি রাই ভট্টাচার্য।
সমাজমাধ্যমে একটি পোস্ট করে রূপালি জানান, তিনি লাফটারসেনের কনটেন্ট ও পারফরম্যান্সের ভক্ত। কিন্তু বিগ বসের ঘরে যে নিরঞ্জনকে দেখা যাচ্ছে, তাঁর মধ্যে নাকি সেই লাফটারসেনের ছিটেফোঁটাও খুঁজে পাচ্ছেন না তিনি। রূপালির দাবি, একজন বুদ্ধিদীপ্ত মানুষ হঠাৎ করে রিয়্যালিটি শোয়ে গিয়ে সম্পূর্ণ অন্যরকম হয়ে যেতে পারেন না। পাশাপাশি তিনি তুলনা টানেন আর এক কনটেন্ট ক্রিয়েটর ঝিলম গুপ্তের সঙ্গে। তাঁর মতে, ঝিলম বিভিন্ন পরিস্থিতির মধ্যেও সহজেই রসবোধ খুঁজে নিতে পারছেন। অন্যদিকে নিরঞ্জনের সাম্প্রতিক কিছু আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন রূপালি। বিশেষ করে জন্মাষ্টমীর একটি টাস্কে তাঁর চিৎকার করার প্রসঙ্গ তুলে অভিনেত্রী সমালোচনা করেন। তবে রূপালির পোস্টের সবচেয়ে বেশি চর্চিত অংশ তাঁর শেষ প্রশ্ন। তিনি জানতে চান, লাফটারসেনের কনটেন্টের স্ক্রিপ্ট কি সত্যিই তিনি নিজেই লেখেন, নাকি অন্য কেউ ধারণা তৈরি করেন আর তিনি শুধু তা পরিবেশন করেন?
রূপালির এই মন্তব্যের পরই সমাজমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। টলিউডের একাধিক পরিচিত মুখও তাঁর বক্তব্যের সঙ্গে সহমত জানিয়েছেন বলে দাবি করা হয়েছে। একই প্রশ্ন তুলছেন নেটিজেনদের একাংশও।
এদিকে বিগ বস বাংলায় ইতিমধ্যেই একাধিক পরিচিত মুখ রয়েছেন। দুর্নিবার সাহা, জয়িতা চ্যাটার্জি, ভরত কল, ঝিলম গুপ্ত, সোনামণি সাহা, তনুশ্রী রায় দাস, সায়ক চক্রবর্তী, মনামী ঘোষ, সৃজলা গুহ, সোহিনী পাল এবং দীপেন্দু বিশ্বাসদের নিয়ে এগিয়ে চলেছে শো। অনিন্দ্য সেনগুপ্ত বাদ পড়ার পর ওয়াইল্ড কার্ড হিসেবে প্রবেশ করেছেন রাজবীর দে। এবার দ্বিতীয় ওয়াইল্ড কার্ড হিসেবে জীতু কামালের প্রবেশ নিয়ে জল্পনা তুঙ্গে।
তবে লাফটারসেনকে নিয়ে রূপালির এই প্রশ্নের কোনও প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। ফলে আগামী দিনে এই মন্তব্য ঘিরে বিতর্ক আরও বাড়ে কি না, এখন সেটাই দেখার।

Leave a comment