দোকানে বিক্রি হচ্ছে সিগারেট, কিন্তু তা আসল কি না, তা নিয়েই উঠেছে প্রশ্ন। নকল সিগারেট বিক্রির অভিযোগে কোচবিহারের ভবানীগঞ্জ বাজার ও দিনহাটার চওড়াহাট বাজারে অভিযান চালাল হায়দরাবাদ থেকে আসা একটি দল। একাধিক দোকানে তল্লাশি চালিয়ে সিগারেটের বেশ কিছু প্যাকেট বাজেয়াপ্ত করা হয়েছে।

একটি নামী সিগারেট প্রস্তুতকারী সংস্থার অভিযোগের পর হায়দরাবাদের আদালত তদন্তের নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনেই আইনজীবীদের নেতৃত্বে দলটি কোচবিহারে আসে। দুই বাজারের দোকানগুলিতে খোঁজখবর চালানোর পাশাপাশি সিগারেটের প্যাকেটও পরীক্ষা করা হয়।

দোকানদারদের একাংশের বক্তব্য, তাঁরা হকারদের কাছ থেকে সিগারেট কিনে বিক্রি করেন। সেগুলি নকল কি না, তা তাঁদের জানা ছিল না। প্যাকেটের সঙ্গে আসল সিগারেটের প্যাকেটের মিল থাকায় বিষয়টি বুঝতে পারেননি বলেও দাবি এক ব্যবসায়ীর।

অভিযানকারী দলের অভিযোগ, আসল সংস্থার প্যাকেটের নাম ও ছবি নকল করে সিগারেট বিক্রি করা হচ্ছে। এতে সংস্থার ব্যবসায় ক্ষতি হচ্ছে। পাশাপাশি, এই সিগারেট তৈরির সময় কী ধরনের উপকরণ ব্যবহার করা হচ্ছে এবং উৎপাদনের ক্ষেত্রে কোনও নিয়ম মানা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ, প্যাকেট আসলের মতো দেখতে হলেও ভিতরের সিগারেটের গুণমান এক কি না, তা শুধু দেখে বোঝার উপায় নেই।

Leave a comment