পুজোর আনন্দের আবহ তৈরি হওয়ার আগেই মুখোপাধ্যায় পরিবারে নেমে এল শোকের ছায়া। মাকে হারালেন রানি মুখোপাধ্যায়। মঙ্গলবার প্রয়াত হয়েছেন রানির মা কৃষ্ণা মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৭৫ বছর। পরিবারের তরফে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। একই সঙ্গে এই কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার জন্য সকলের কাছে আবেদন জানানো হয়েছে।কৃষ্ণা মুখোপাধ্যায়ের সঙ্গে শুধু রানির মা-মেয়ের সম্পর্কই ছিল না, তাঁদের বন্ধুত্বের সম্পর্কও ছিল। বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে মায়ের সঙ্গে তাঁর সেই বিশেষ বন্ধনের কথা বলেছেন রানি। জীবনের নানা ওঠাপড়ায় মাকে পাশে পেয়েছেন তিনি। অভিনয়ের জগতেও মায়ের কাছ থেকেই অনেকটা অনুপ্রেরণা পেয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। রানির মা নিজেও বিনোদন জগতের সঙ্গে পরিচিত ছিলেন। তিনি অভিনেত্রী দেবশ্রী রায়ের দিদি। কয়েকটি ছবিতে প্লেব্যাকও করেছিলেন কৃষ্ণা। ‘মোমের আলো’, ‘হাইওয়ান’, ‘তিসরি আঁখ’ এবং ‘তোমার রক্তে আমার সোহাগ’-এর মতো ছবির সঙ্গে তাঁর নাম জড়িয়ে রয়েছে। ছোটবেলার দিনগুলির কথাও একাধিক সাক্ষাৎকারে বলেছেন রানি। পরিবারে আর্থিক সমস্যা থাকলেও তাঁর মায়ের মুখের হাসি কখনও হারিয়ে যায়নি। বরং প্রতিকূল পরিস্থিতিতেও হাসিমুখে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার শিক্ষা মায়ের কাছ থেকেই পেয়েছেন অভিনেত্রী। রানির কথায়, জীবনে যত কঠিন পরিস্থিতিই আসুক, মায়ের মতো করেই হাসিমুখে তার মোকাবিলা করার চেষ্টা করেন তিনি। মায়ের সেই ইতিবাচক মনোভাবই হয়ে উঠেছিল তাঁর অন্যতম বড় অনুপ্রেরণা।

আজ সেই মানুষটিই নেই। পুজোর আগে মাকে হারিয়ে নিঃসন্দেহে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন রানি। দীর্ঘ অভিনয়জীবনে নানা সাফল্য এলেও মায়ের জায়গাটি যে তাঁর কাছে বরাবরই আলাদা ছিল, তা অভিনেত্রীর কথাতেই বারবার স্পষ্ট হয়েছে। কৃষ্ণার প্রয়াণে তাই মাকে হারানোর পাশাপাশি রানির জীবনে ফাঁকা হয়ে গেল এক বিশেষ আশ্রয়ের জায়গাও। এই শোকের সময়ে পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার জন্য সকলের কাছে আবেদন জানিয়েছে মুখোপাধ্যায় পরিবার।

Leave a comment