টলিপাড়ায় এল খুশির খবর। মা হলেন জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর সংসারে এল নতুন সদস্য। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। নতুন অতিথিকে ঘিরে এখন আনন্দের আবহ সোহিনী ও শোভনের পরিবারে।
২০২৪ সালের ১৫ জুলাই ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। বিয়ের পর থেকেই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহ ছিল। চলতি বছর নিজেদের বিবাহবার্ষিকীর দিনই সামাজিক মাধ্যমে তাঁরা জানিয়েছিলেন, তাঁদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। সেই ঘোষণার পর থেকেই সোহিনী-শোভনের অনুরাগীরা অপেক্ষায় ছিলেন তাঁদের জীবনের এই বিশেষ মুহূর্তের জন্য।
গর্ভাবস্থাতেও কাজ থেকে পুরোপুরি দূরে সরে যাননি সোহিনী। নতুন ছবি ‘বেগুনি রঙের আলো’-র প্রচারেও তাঁকে দেখা গিয়েছে। তবে গর্ভাবস্থার শেষ পর্যায়ে চিকিৎসকের পরামর্শে বিশ্রামেও ছিলেন অভিনেত্রী। সম্প্রতি হবু সন্তানকে ঘিরে নানা মজার অভিজ্ঞতার কথাও প্রকাশ্যে এনেছিলেন তিনি। এমনকী শোভন তাঁদের অনাগত সন্তানের ডাকনাম হিসেবে ‘টুল’ রেখেছেন বলেও জানিয়েছিলেন সোহিনী।
এবার সেই অপেক্ষার অবসান। শোভন-সোহিনীর সংসারে এল পুত্রসন্তান। স্বাভাবিকভাবেই নতুন অতিথিকে ঘিরে উচ্ছ্বসিত দুই পরিবার। টলিপাড়ার সহকর্মী থেকে শুরু করে অনুরাগী—সকলেই এই তারকা দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন। অভিনয় ও গানের জগতের ব্যস্ততার মাঝেই এবার বাবা-মায়ের নতুন দায়িত্ব শুরু হল শোভন ও সোহিনীর। তাঁদের জীবনের এই নতুন অধ্যায় যে আরও আনন্দময় হতে চলেছে, তা বলাই যায়।

Leave a comment