পুজোর আগে মণ্ডপে ঢুকে দুর্গা প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠল ডানকুনিতে। ডানকুনি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের ডানকুনি আবাসন সার্বজনীন পুজো সমিতির মণ্ডপে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, সোমবার গভীর রাতে মণ্ডপে ঢুকে প্রতিমার হাত ভেঙে দেয় দুষ্কৃতীরা। মঙ্গলবার সকালে বিষয়টি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
পুজো উদ্যোক্তাদের অভিযোগ, দুর্গা প্রতিমার একটি হাত ভেঙে দেওয়া হয়েছে। লক্ষ্মী ও গণেশের হাতও ভাঙার চেষ্টা করা হয়েছে বলে তাঁদের দাবি। সকালে মণ্ডপে এসে প্রতিমার এই অবস্থা দেখতে পান উদ্যোক্তারা। খবর দেওয়া হয় ডানকুনি থানায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রতিমা ও মণ্ডপের চারপাশ ঘুরে দেখে। ক্ষতিগ্রস্ত প্রতিমার ছবিও তোলা হয়।
ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুজো কমিটির সদস্যরা। রাতের অন্ধকারে কারা মণ্ডপে ঢুকেছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে কি না, তা নিয়েও কাজ চলছে। কেন এই ঘটনা ঘটানো হল, সে বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।
প্রতিমা শিল্পী সঞ্জয় অধিকারী বলেন, “সকালে খবর পেয়ে আমি ছুটে আসি। আড়াই মাস ধরে এই ঠাকুরগুলি তৈরি করেছি। শুধু রঙের কাজ বাকি। এর আগে কোনও দিন এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। ইচ্ছে করেই এই কাজ করা হয়েছে।”
ঘটনার নিন্দা করেছেন এলাকার বিজেপি নেতা দেবাশিষ মুখোপাধ্যায়। তিনি বলেন, “আমাদের হাইজ়িংয়ের দীর্ঘদিনের পুজো এটি। ইচ্ছে করেই এমন করা হয়েছে। এমন ঘটনা আগে কখনও ঘটেনি। ঘটনার যথাযথ তদন্তের দাবি জানাচ্ছি।”
পুজোর ঠিক আগে প্রতিমা ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। অন্যদিকে, ক্ষতিগ্রস্ত প্রতিমা দ্রুত মেরামতের কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন পুজো উদ্যোক্তারা।

Leave a comment