মোবাইলে কার্টুন দেখানোর টোপ দিয়ে ডেকে নিয়ে যায়। এরপর কথা যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে দুই প্রতিবেশী কিশোরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানা এলাকার তালদি জনকল্যাণ মোড়ের কাছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই  এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমে দুই কিশোরকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেল ৩টে নাগাদ বাড়ির সামনেই খেলছিল ১০ ও ১২ বছরের দুই নাবালিকা। অভিযোগ, সেই সময় প্রতিবেশী দুই কিশোর তাদের কাছে আসে। মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে তাদের সঙ্গে নিয়ে যাওয়া হয়। এরপর একটি বাড়ির পিছনের নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয় দুই শিশুকে।

অভিযোগ, সেখানেই তাদের সঙ্গে যৌন নির্যাতন করা হয়। পরে বিষয়টি পরিবারের লোকজনকে জানায় দুই নাবালিকা। এরপর এক শিশুর মা ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে ক্যানিং থানার পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কিশোরকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের বয়স ১৮ বছরের কম। ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত কি না, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(২)(এম) ও ৩(৫) ধারায় মামলা দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি পকসো আইনের ৬ নম্বর ধারাতেও মামলা রুজু করা হয়েছে।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়। শিশুদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশ অভিযোগের পাশাপাশি ঘটনার স্থান, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং অন্যান্য তথ্য সংগ্রহ করছে বলে জানা গিয়েছে।

এদিকে, ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতার দাবি, শিশুদের সঙ্গে এমন ঘটনা অত্যন্ত নিন্দনীয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। একইসঙ্গে বারুইপুরের একটি ঘটনার কথাও উল্লেখ করেন ওই নেতা।

Leave a comment