দিল্লির কালকাজি মন্দিরের কাছে ১৭ বছরের এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। অভিযোগ, নিজেদের পুলিশকর্মী পরিচয় দিয়ে কিশোরী এবং তার বন্ধুকে ভয় দেখায় অভিযুক্তরা। এরপর বন্ধুকে আটকে রেখে নাবালিকার উপর যৌন নির্যাতন চালানো হয়। ঘটনার তদন্তে নেমে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় ওই কিশোরী এক বন্ধুর সঙ্গে কালকাজির ইসকন মন্দিরে যায়। পুজো শেষ করে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ দু’জনে মন্দিরের কাছের একটি পার্কে পৌঁছয়। সেখানেই তিন যুবক তাদের পথ আটকায় বলে অভিযোগ। নিজেদের পুলিশ বলে পরিচয় দিয়ে তারা কিশোরী ও তার বন্ধুকে ভয় দেখাতে শুরু করে।

অভিযোগ, কিছুক্ষণ পর কিশোরীর বন্ধুকে আলাদা করে আটকে রাখা হয়। এরপর তিন অভিযুক্ত মিলে নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। দীর্ঘ সময় ধরে নির্যাতনের পর অভিযুক্তরা সেখান থেকে চলে যায় বলে পুলিশকে জানিয়েছে কিশোরী। ঘটনার পর রাতেই পুলিশকে ফোন করে বিষয়টি জানানো হয়।

খবর পাওয়ার পর দ্রুত তদন্ত শুরু করে পুলিশ। নাবালিকাকে হাসপাতালে নিয়ে গিয়ে মেডিক্যাল পরীক্ষা করানো হয়। পাশাপাশি তার বয়ানও রেকর্ড করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্তদের শনাক্ত করতে ঘটনাস্থল এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন তদন্তকারীরা। বিভিন্ন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার সকালে এক অভিযুক্তকে ধরতে যায় পুলিশ। অভিযোগ, তখন সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা গুলির লড়াইয়ের পর তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বাকি দুই অভিযুক্তের খোঁজ চলছে। পাশাপাশি পুলিশের পরিচয় ব্যবহার এবং আগ্নেয়াস্ত্রের ব্যবহারের বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে তদন্ত এখনও চলছে। নাবালিকার পরিচয় গোপন রাখা হয়েছে এবং ঘটনার সঙ্গে যুক্ত সব পক্ষের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a comment