বারাসত: দীর্ঘ আট বছর পর বারাসতে ফিরছে কলকাতা ডার্বি। বহু প্রতীক্ষিত এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। কলকাতা লিগের ম্যাচ হলেও মোহনবাগান ও ইস্টবেঙ্গলের সমর্থকদের কাছে ডার্বির গুরুত্ব বরাবরই আলাদা। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি আকর্ষণ ফ্লাডলাইটে হবে ম্যাচ। টিকিট বিক্রি শুরু হওয়ার পর দ্রুত তা শেষ হয়ে যাওয়ায় ম্যাচের দিন বিপুল দর্শক সমাগমের সম্ভাবনা রয়েছে।

এই পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না বারাসত পুলিশ জেলা। 

স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ থেকে শুরু করে ম্যাচ চলাকালীন তাঁদের আচরণ প্রতিটি ক্ষেত্রেই একাধিক নিয়ম জানানো হয়েছে। নিরাপদ এবং সুষ্ঠুভাবে ম্যাচ শেষ করতেই দর্শকদের জন্য ১২টি করণীয় এবং ১২টি বর্জনীয় বিষয় প্রকাশ করেছে পুলিশ।

ম্যাচের দিন শেষ মুহূর্তে ভিড়ের মধ্যে পড়া এড়াতে দর্শকদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে স্টেডিয়ামে পৌঁছতে বলা হয়েছে। সঙ্গে অবশ্যই রাখতে হবে বৈধ ম্যাচের টিকিট বা পাস। প্রয়োজনীয় পরিচয়পত্রও সঙ্গে রাখা জরুরি।

স্টেডিয়ামে প্রবেশের সময় শুধুমাত্র নির্দিষ্ট গেট ব্যবহার করতে হবে। নিরাপত্তাকর্মীদের নির্দেশ অমান্য করা যাবে না। 

তল্লাশির সময় তাঁদের সঙ্গে সহযোগিতা করতে হবে এবং স্টেডিয়ামের ভিতরে নিজের নির্ধারিত আসন বা এলাকায় থাকতে হবে।

দর্শকদের অযথা ভিড় বা জটলা না করার পাশাপাশি নির্দিষ্ট পথ ধরে সুশৃঙ্খলভাবে চলাচল করতে বলা হয়েছে। 

স্টেডিয়ামের আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে।

কোনও সন্দেহজনক ব্যক্তি, বস্তু কিংবা কার্যকলাপ নজরে এলে দ্রুত নিরাপত্তাকর্মীদের জানাতে হবে। শিশু ও প্রবীণদের পাশাপাশি যাঁদের বিশেষ সহায়তা প্রয়োজন, তাঁদের সাহায্য করার কথাও বলা হয়েছে। কোনও জরুরি পরিস্থিতি তৈরি হলে আতঙ্কিত না হয়ে শান্ত থেকে কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলতে হবে।

 দর্শকদের সঙ্গে জলের বোতল বা অন্য কোনও তরল পদার্থ নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না।

একইসঙ্গে ছাতা ও হেলমেটও নিষিদ্ধ। তাই ম্যাচে যাওয়ার আগে ব্যাগে এই ধরনের সামগ্রী থাকলে তা সরিয়ে নেওয়া প্রয়োজন।

ছুরি, কাঁচি, ধারালো সরঞ্জাম কিংবা কোনও ধরনের অস্ত্র নিয়ে স্টেডিয়ামে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। আতশবাজি, পটকা, দাহ্য পদার্থ কিংবা বিপজ্জনক কোনও সামগ্রীও সঙ্গে রাখা যাবে না।

দুই দলের সমর্থকদের আবেগ যাতে কোনওভাবেই অপ্রীতিকর পরিস্থিতির কারণ না হয়, তাই ব্যানার, প্ল্যাকার্ড এবং পতাকা নিয়েও সতর্ক করেছে পুলিশ। কোনও নিষিদ্ধ, আপত্তিকর বা উসকানিমূলক ব্যানার-প্ল্যাকার্ড বা পতাকা নিয়ে স্টেডিয়ামে ঢোকা যাবে না।

ম্যাচ চলাকালীন মাঠে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। সংরক্ষিত এলাকা বা অন্য কোনও নিষিদ্ধ জায়গায়ও যাওয়া যাবে না। ব্যারিকেড, রেলিং বা বেড়া টপকানো, অতিক্রম করা কিংবা ক্ষতিগ্রস্ত করাও নিয়মবিরুদ্ধ।

খেলার উত্তেজনায় মাঠে কিংবা অন্য দর্শকদের দিকে কোনও বোতল বা বস্তু ছুড়ে দেওয়া যাবে না। অশালীন, আপত্তিকর বা উসকানিমূলক ভাষা ব্যবহার এবং আচরণ থেকেও বিরত থাকতে হবে।

মারামারি, হিংসাত্মক কার্যকলাপ কিংবা বিশৃঙ্খলা তৈরি করা নিষিদ্ধ। একইভাবে স্টেডিয়ামের প্রবেশপথ, বেরনোর রাস্তা বা জরুরি চলাচলের পথ আটকে রাখা যাবে না।

স্টেডিয়ামের সম্পত্তি নষ্ট করা এবং চত্বর নোংরা করার বিরুদ্ধেও নির্দেশ দেওয়া হয়েছে। ফলে ম্যাচ দেখতে গিয়ে সমর্থকদের নিজেদের আবেগ নিয়ন্ত্রণে রেখে দায়িত্বশীল আচরণ করার আবেদন জানিয়েছে পুলিশ।

ডার্বির দিন কোনও দর্শক সমস্যায় পড়লে কিংবা জরুরি পরিস্থিতিতে পুলিশের সাহায্য প্রয়োজন হলে বারাসত পুলিশের কন্ট্রোল রুমে যোগাযোগ করা যাবে। এর জন্য দুটি নম্বর দেওয়া হয়েছে—9147888165 এবং 9147888174।

Leave a comment

THE POINT TV
desktop-frame