রাষ্ট্রসংঘের মঞ্চে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নের মুখে পড়ে কড়া জবাব দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। শুক্রবার সাংবাদিক বৈঠকে দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ প্রসঙ্গে জয়শংকরকে প্রশ্ন করেন পাকিস্তানের এক সাংবাদিক। তাঁর প্রশ্নের ধরন নিয়েই আপত্তি জানান ভারতের বিদেশমন্ত্রী।
পাক সাংবাদিক প্রশ্ন করেন, “দক্ষিণ এশিয়া আর কতদিন নিউদিল্লি, কাবুল, পাকিস্তান সৃষ্ট সন্ত্রাসের মুখোমুখি হবে?” জবাবে জয়শংকর বলেন, “আপনি ভুল মানুষকে প্রশ্নটা করছেন।” এরপর পাকিস্তানের দিকে ইঙ্গিত করে তিনি পাল্টা প্রশ্ন করেন, কতদিন তারা সন্ত্রাসে মদত দেওয়া চালিয়ে যাবে।
এরপরই আরও কড়া সুরে জয়শংকর বলেন, “একটা সন্ত্রাসবাদী দেশ আমাকে এই প্রশ্নটা করছে!” বিদেশমন্ত্রীর এই মন্তব্যের পর সাংবাদিক বৈঠকে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পার্বতানেনিও ওই সাংবাদিককে বলেন, তিনি তাঁর প্রশ্নের স্পষ্ট জবাব পেয়েছেন।
জানা গিয়েছে, সমুদ্রপথে জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিয়ে একটি বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন জয়শংকর ও লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বেসোলো নয়ান্তি। সেই সাংবাদিক বৈঠকেই সন্ত্রাসবাদ নিয়ে প্রশ্ন তোলেন পাকিস্তানি সাংবাদিক।
রাষ্ট্রসংঘের মঞ্চে ভারত-পাকিস্তানের মধ্যে সন্ত্রাসবাদ নিয়ে বাকযুদ্ধ নতুন নয়। এবারও সেই বিতর্কের মধ্যেই পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নের জবাবে সরাসরি ইসলামাবাদকে নিশানা করলেন ভারতের বিদেশমন্ত্রী।

Leave a comment