প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর ‘অন্নপূর্ণা দিবস’ পালন করা হল পশ্চিমবঙ্গ সরকারের তরফে। এই বিশেষ অনুষ্ঠান থেকেই মহিলাদের জন্য একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির মালিকানা মহিলাদের নামে করা থেকে শুরু করে অন্নপূর্ণা যোজনার টাকা, কন্যাদের পড়াশোনায় আর্থিক সাহায্য এবং বিভিন্ন কর্মীদের বেতন বৃদ্ধির মতো একাধিক বিষয় উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে।
অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, রাজ্যে ৫০ লক্ষের বেশি নতুন বাড়ি তৈরির জন্য তালিকা প্রস্তুত করা হয়েছে। ওই বাড়িগুলির মালিকানা পরিবারের মহিলাদের নামে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে আবাস যোজনার বাড়ির নথিভুক্তির ক্ষেত্রে পরিবারের মহিলা সদস্যদের নামকে গুরুত্ব দেওয়া হবে।
এ দিনের অনুষ্ঠানে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা নিয়েও ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী জানান, ১৭ সেপ্টেম্বর রাজ্যের ১ কোটি ৫৮ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হচ্ছে। তাঁর দাবি, ইতিমধ্যেই দেড় কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছে গিয়েছে। যাঁরা আবেদন করেছেন অথচ এখনও অর্থ পাননি, তাঁদের আবেদন যাচাই করে টাকা পাঠানোর প্রক্রিয়া চলবে বলেও জানানো হয়।
ICDS এবং আশা কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধির কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, অগস্ট মাস থেকে তাঁদের বেতন ৫ হাজার টাকা করে বাড়ানো হয়েছে। প্রাণীমিত্রদের পারিশ্রমিকও ২ হাজার টাকা বাড়ানো হয়েছে বলে জানান তিনি। যাঁদের মাসিক আয় ১০ হাজার টাকার কম, তাঁদের অন্নপূর্ণা যোজনার আওতায় আনার বিষয়টিও ফের উল্লেখ করা হয়।
কন্যাসন্তানদের শিক্ষার জন্য আর্থিক সহায়তার ক্ষেত্রেও নতুন ঘোষণা রয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ১৪ অগস্ট ‘কন্যারত্ন দিবস’-এ ২০ লক্ষ ১৩ হাজার কন্যার অ্যাকাউন্টে পড়াশোনার জন্য ১ হাজার টাকা করে পাঠানো হয়েছে। আগামী বছর থেকে এই অর্থের পরিমাণ বাড়িয়ে ২ হাজার টাকা করার কথা ঘোষণা করা হয়েছে।
উচ্চমাধ্যমিকের পর গ্র্যাজুয়েশন করতে যাওয়া মেয়েদের জন্যও আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। প্রথম ও দ্বিতীয় বছরে ১৭ হাজার টাকা করে এবং তৃতীয় বছরে ১৬ হাজার টাকা দেওয়া হবে। অর্থাৎ তিন বছরে মোট ৫০ হাজার টাকা পর্যন্ত সহায়তার ব্যবস্থা করা হবে। ২০২৭ সালের জানুয়ারি থেকে এই কর্মসূচি চালু করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এছাড়াও ICDS কেন্দ্রে আসা গর্ভবতী মায়েদের খাবারের জন্য বরাদ্দ ১২ টাকা থেকে বাড়িয়ে ১৪ টাকা করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি বেআইনি নেশার বিরুদ্ধে অভিযান জোরদার করার আহ্বান জানিয়ে ‘নেশামুক্ত ভারত, নেশামুক্ত পশ্চিমবঙ্গ’-এর ডাক দেওয়া হয়। অনুষ্ঠান থেকেই প্রতি বছর ১৭ সেপ্টেম্বর ‘অন্নপূর্ণা দিবস’ হিসেবে পালন করার ঘোষণা করা হয়েছে।

Leave a comment