কলকাতায় কখনও ভারী, কখনও টানা হালকা বৃষ্টির মধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় বাজা কদমতলা ঘাটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে সেখানে একসঙ্গে জ্বালানো হয় লক্ষাধিক প্রদীপ। প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে রাজ্যে এই প্রথম এমন বড় আকারের আয়োজন করা হয়েছে বলে দাবি আয়োজকদের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর হাতেই প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এদিনের আয়োজনকে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবেও তুলে ধরা হয়।

অনুষ্ঠান থেকে শুভেন্দু অধিকারী বলেন, “দেশের সেবায় মোদির ২৫ বছর পূর্তি উপলক্ষে এই আলোক প্রজ্জ্বলনের আয়োজন করা হয়েছে।” তাঁর কথায়, একজন গর্বিত ভারতীয় হিসেবে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হচ্ছে। একইসঙ্গে রাজ্যের বিভিন্ন এলাকায় দিনভর একাধিক কর্মসূচি পালনের কথাও জানান তিনি।

শুভেন্দু জানান, মোদীর প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তিকে সামনে রেখে বিভিন্ন জেলায় কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে এই অনুষ্ঠানগুলির পর্ব শেষ করার পরিকল্পনা রয়েছে। কর্মসূচির তালিকায় রয়েছে কলস যাত্রা, রঙ্গোলি-সহ বিভিন্ন আয়োজন।

এছাড়াও প্রধানমন্ত্রীর সময়কালে দেশের প্রায় ২৫ কোটি মানুষের আর্থিক অবস্থার উন্নতির বিষয়টি তুলে ধরে নানা কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান তিনি। ২০৪৭ সালের ভারত নিয়ে পড়ুয়াদের ভাবনা জানতে আঁকা প্রতিযোগিতা, বিতর্ক সভা এবং কুইজের মতো অনুষ্ঠানও আয়োজন করা হবে।

এদিকে মোদীর জন্মদিন উপলক্ষে কলকাতা ও রাজ্যের বিভিন্ন জায়গায় সাজসজ্জার আয়োজন করা হয়।আলোকসজ্জায় সেজে ওঠে হাওড়া ব্রিজও। গঙ্গার ঘাটে প্রদীপ প্রজ্জ্বলন থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়।

Leave a comment