‘বিশ্ব বাংলা’র নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। ভক্তি আন্দোলনের প্রাণপুরুষ শ্রীচৈতন্য মহাপ্রভুর নামে নতুন নামকরণের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। একইসঙ্গে কলকাতার বিভিন্ন রাস্তার নামেও পরিবর্তন আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এতদিন বিদেশি বা বামপন্থী নেতাদের নামে থাকা রাস্তাগুলির পরিবর্তে ভারতীয় সংস্কৃতি ও দেশীয় ঐতিহ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদের নাম দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্রের খবর, লেনিন এবং কার্ল মার্কসের নামে থাকা রাস্তাগুলির নামও পরিবর্তন করা হবে। সরকারের বক্তব্য, বাংলা বা ভারতীয় সংস্কৃতির সঙ্গে এই বিদেশি ব্যক্তিত্বদের সরাসরি কোনও যোগ নেই। তাঁদের পরিবর্তে দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত শহিদ ও বিপ্লবীদের নামকে প্রাধান্য দেওয়া হচ্ছে।
নতুন নামের তালিকায় প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসুর মতো বিপ্লবীদের পাশাপাশি সাধু-সন্ন্যাসী এবং ঐতিহাসিক ব্যক্তিত্বদের নামও রাখা হতে পারে। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই নাম পরিবর্তনের উদ্যোগ কার্যকর করার পরিকল্পনা রয়েছে। নতুন প্রজন্মের সামনে বাংলার নিজস্ব ইতিহাস, সংস্কৃতি এবং দেশপ্রেমের ঐতিহ্য তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, হস্তশিল্প ও বস্ত্রশিল্পের প্রচার ও প্রসারের উদ্দেশ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ‘বিশ্ব বাংলা’ লোগো তৈরি করা হয়েছিল। সরকারি দফতর, বিভিন্ন প্রকল্প, ওয়েবসাইট এবং পরিকাঠামোয় এই লোগো ব্যবহার করা হত।
২০২৬ সালের মে মাসে রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন সরকারের নির্দেশিকা অনুযায়ী সরকারি দফতর ও বিভিন্ন পরিকাঠামো থেকে ‘বিশ্ব বাংলা’ লোগো সরানোর কাজ শুরু হয়েছে। দিঘা ও আসানসোলের মতো জায়গাতেও লোগোর পরিবর্তে জাতীয় প্রতীক ‘অশোকস্তম্ভ’ বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

Leave a comment