মহালয়ার সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেন্সে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দুর্গাপুজোর সূচনা করার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এই বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মা দুর্গার চক্ষুদান করতে পারেন বলে জানা যাচ্ছে। মায়ের চোখ আঁকার মধ্য দিয়ে শারদোৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে বলে প্রশাসনিক সূত্রে খবর।
এই আয়োজনকে কেন্দ্র করে কলকাতায় ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। ইডেনের অনুষ্ঠানের আগে রেড রোডে হবে বিশেষ শোভাযাত্রা। আলোকসজ্জায় সেজে ওঠা রেড রোডে রাজ্যের ২৩টি জেলার ২৩ ধরনের নৃত্য ও লোকসংস্কৃতি তুলে ধরা হবে। বাংলার সাংস্কৃতিক বৈচিত্র্যকে সামনে আনতেই এই উদ্যোগ।
প্রধানমন্ত্রীকে নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইডেনে প্রবেশের সময়ও থাকছে বিশেষ আয়োজন। সূত্রের খবর, এক হাজার মহিলা একসঙ্গে উলুধ্বনি দেবেন। পাশাপাশি ১০ হাজার ঢাকির ঢাকের বাদ্যে মুখরিত হবে গোটা ইডেন চত্বর। এত বড় আয়োজন বিশ্বরেকর্ডের স্বীকৃতি পেতে পারে বলেও মনে করা হচ্ছে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে পারে সাংস্কৃতিক পরিবেশনা। স্টেডিয়াম পরিক্রমার সময় শ্রেয়া ঘোষালের গান শোনার পরিকল্পনা রয়েছে। এছাড়াও ‘মা আসছে-উমা স্টোরি’ থিমে আয়োজন করা হবে থ্রি-ডি প্রোজেকশন ম্যাপিং শো। আধুনিক প্রযুক্তির মাধ্যমে উমার ঘরে ফেরার গল্প দর্শকদের সামনে তুলে ধরা হবে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, বিকেল চারটে নাগাদ শুরু হতে পারে সাংস্কৃতিক অনুষ্ঠান। দার্জিলিঙের তামাং সেলো, কালিম্পঙের লেপচা নাচ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের রাজবংশী লোকনৃত্য থাকবে সেখানে। মালদহের গম্ভীরা, বীরভূমের বাউল, পূর্ব বর্ধমানের রাইবেঁশে এবং পশ্চিম বর্ধমানের সাঁওতালি নাচও পরিবেশিত হবে। এর পাশাপাশি নদিয়ার গৌড়ীয় বৈষ্ণব নাচ, বাঁকুড়া ও পুরুলিয়ার ছৌ, ঝাড়গ্রামের সাঁওতালি নাচ, পূর্ব মেদিনীপুরের পটুয়ার গান, হুগলির রামপ্রসাদী, হাওড়ার লোকনাট্য এবং উত্তর ২৪ পরগনার বনবিবি পালার মতো লোকশিল্পও থাকবে।
এই অনুষ্ঠান নিয়ে প্রধানমন্ত্রীর সচিবালয়ের সঙ্গে নবান্নের একাধিক বৈঠক হয়েছে। মূল পরিকল্পনা চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নিরাপত্তার জন্য ২৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইডেন গার্ডেন্স এসপিজির নিয়ন্ত্রণে থাকবে।
সবচেয়ে বড় পরিকল্পনা হল, ইডেনের মঞ্চ থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় ১০ হাজার দুর্গাপুজোর উদ্বোধন করা। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর হাত ধরে এই উদ্বোধন হলে মহালয়ার সন্ধ্যার অনুষ্ঠানটি নিঃসন্দেহে নজরকাড়া হয়ে উঠবে।

Leave a comment