দুর্গাপুজোয় দর্শনার্থীদের নিরাপত্তা ও মণ্ডপের পরিবেশ সুষ্ঠু রাখতে বড় সিদ্ধান্ত নিল দক্ষিণ কলকাতার চক্রবেড়িয়া সর্বজনীন দুর্গোৎসব সমিতি। পুজোর দিনগুলিতে মদ্যপ অবস্থায় কোনও দর্শনার্থীকে মণ্ডপে প্রবেশ করতে দেওয়া হবে না। নিয়ম কার্যকর করতে মণ্ডপের প্রবেশপথে ব্রেথলাইজার পরীক্ষার ব্যবস্থাও রাখা হচ্ছে।
ভবানীপুরের এই ঐতিহ্যবাহী পুজো এবার ‘পদ্ম দিঘির ঘাটে’ থিমে আয়োজিত হচ্ছে। পুজো কমিটি জানিয়েছে, তৃতীয়া থেকে দ্বাদশী পর্যন্ত মদ্যপ অবস্থায় থাকা ব্যক্তিদের মণ্ডপে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এই নিয়ম বাস্তবায়নে কলকাতা পুলিশের সহযোগিতা নেওয়া হবে।
পুজোর সময় বিপুল ভিড়ের কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। মণ্ডপ চত্বরে প্রায় ৩০ জনের নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবেন। তাঁদের সঙ্গে থাকবেন ক্লাবের স্বেচ্ছাসেবকরাও। দর্শনার্থীদের প্রবেশের সময় প্রয়োজন অনুযায়ী ব্রেথলাইজার দিয়ে পরীক্ষা করা হবে।
পুজো কমিটির কার্যকরী সভাপতি গোরা রায় চৌধুরী জানিয়েছেন, অষ্টমীর দিন রাজ্যে মদ বিক্রি বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে চক্রবেড়িয়া সর্বজনীনের ক্ষেত্রে নিয়মটি শুধু অষ্টমীর মধ্যে সীমাবদ্ধ থাকছে না। তৃতীয়া থেকে দ্বাদশী পর্যন্ত মদ্যপ অবস্থায় প্রবেশ নিষিদ্ধ থাকবে।
উদ্যোক্তাদের বক্তব্য, উৎসবের সময় মণ্ডপে প্রচুর মানুষের সমাগম হয়। মদ্যপ অবস্থায় কেউ প্রবেশ করলে বচসা, বিশৃঙ্খলা বা নিরাপত্তাজনিত সমস্যা তৈরি হতে পারে। সেই সম্ভাবনা কমাতেই এই বিশেষ ব্যবস্থা।
ফলে এবার চক্রবেড়িয়া সর্বজনীনের পুজোয় প্রতিমা দর্শনের পাশাপাশি নিরাপত্তার নিয়মও থাকছে বেশ কড়া। নেশামুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে দর্শনার্থীরা যাতে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছে কমিটি।

Leave a comment