পুজোয় রাত জেগে ঠাকুর দেখার পর বাড়ি ফিরতে আর খুব একটা সমস্যায় পড়তে হবে না। পুজোর ভিড় সামলাতে এবার চার দিন রাতভর মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ব্লু ও গ্রিন লাইনে দুই সপ্তমী, অষ্টমী এবং নবমীতে গভীর রাত পর্যন্ত ট্রেন চলবে। ব্যস্ত সময়ে ব্লু লাইনে ৬ মিনিট এবং গ্রিন লাইনে ৮ মিনিটের ব্যবধানে মিলবে মেট্রো।
পুজোর দিনগুলিতে যাত্রীদের সুবিধার জন্য ব্লু, গ্রিন, পার্পল, ইয়েলো এবং অরেঞ্জ লাইনে বিশেষ পরিষেবা চালানোর কথা জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। পঞ্চমী ও ষষ্ঠীতে ব্লু লাইনে মোট ২৮৪টি ট্রেন চালানো হবে। সকাল ৬টা থেকে শুরু হবে পরিষেবা। শেষ ট্রেন ছাড়বে রাত ১১টায়। ব্যস্ত সময়ে ৬ মিনিট অন্তর মেট্রো চলবে।
গ্রিন লাইনে পঞ্চমী ও ষষ্ঠীতে মোট ২৪০টি ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। এ বার পুজোয় দুই সপ্তমী পড়েছে। সেই কারণে দুই সপ্তমী, অষ্টমী এবং নবমীতে রাতভর মেট্রো চালানো হবে। ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ব্লু লাইনে দুপুর ১টা থেকে পরিষেবা শুরু হয়ে চলবে পরদিন ভোর ৪টে পর্যন্ত। গ্রিন লাইনে দুপুর সাড়ে ১টা থেকে শুরু হয়ে পরিষেবা চলবে পরদিন ভোর ৩টে ৫৯ মিনিট পর্যন্ত।
দশমীতে অবশ্য রাতভর মেট্রো চলবে না। ওই দিন ব্লু লাইনে দুপুর ১টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ১৪০টি ট্রেন চালানো হবে। ব্যস্ত সময়ে ৮ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। গ্রিন লাইনে দুপুর সাড়ে ১টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে ৭৪টি ট্রেন। ব্যস্ত সময়ে ট্রেনের ব্যবধান থাকবে ১৫ মিনিট।
পুজোর সব দিনই ইয়েলো ও পার্পল লাইনে বিশেষ পরিষেবা চালু থাকবে। অরেঞ্জ লাইনের ক্ষেত্রে অবশ্য রয়েছে আলাদা নিয়ম। এই লাইনে পঞ্চমী ও ষষ্ঠী পর্যন্তই মেট্রো চলবে। দুই সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীতে অরেঞ্জ লাইনে সম্পূর্ণ বন্ধ থাকবে পরিষেবা।

Leave a comment