শহরজুড়ে ফের ইডির অভিযান। বুধবার সকাল থেকেই কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। বালিগঞ্জ এবং নিউ আলিপুরের একাধিক জায়গায় একসঙ্গে চলছে তল্লাশি। বিদেশি মুদ্রা বিনিময়ের আড়ালে আর্থিক অনিয়ম এবং বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচারের অভিযোগের তদন্তেই এই অভিযান বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

ইডি সূত্রে খবর, বিদেশি মুদ্রা বিনিময়ের ব্যবসাকে কেন্দ্র করে বড়সড় আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলেও তদন্তকারীদের কাছে তথ্য এসেছে। সেই অভিযোগের সূত্র ধরেই দক্ষিণ কলকাতার দুই জায়গায় হানা দেন ইডির আধিকারিকরা।

বালিগঞ্জ এবং নিউ আলিপুরে দুটি সংস্থার দুই কর্তার বাড়ি ও অফিসে চলছে তল্লাশি। ব্যবসায়ীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর্থিক লেনদেন এবং সংক্রান্ত বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযানের সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

তদন্তকারীদের হাতে এসেছে, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা বিনিময়ের মাধ্যমে আর্থিক লেনদেন হয়েছে। প্রাথমিক তদন্তে এই চক্রের যোগ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকার তথ্যও সামনে এসেছে বলে ইডি সূত্রে খবর। সেই সূত্রেই বুধবার দেশজুড়ে একযোগে অভিযান চালানো হচ্ছে।

দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু-সহ দেশের মোট ১৭টি জায়গায় এদিন তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতায় দুই ব্যবসায়ীর বাড়ি ও অফিসে সকাল থেকেই চলছে নথিপত্র ও আর্থিক লেনদেনের খোঁজ।

এর আগে কলকাতার একাধিক জায়গাতেও অভিযান চালিয়েছিল ইডি। নারকেলডাঙা, নেতাজিনগর এবং রবীন্দ্র সরোবর-সহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়েছিল। সেই তদন্তে চিটফান্ডের মাধ্যমে বাজার থেকে বিপুল পরিমাণ টাকা তোলার অভিযোগ সামনে এসেছিল। ওই অর্থের একটি অংশ রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগ করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে।

Leave a comment