কলকাতার উপর দিয়ে যাওয়ার সময় বিমানের ইঞ্জিনে যান্ত্রিক সমস্যা। বিপদ বুঝতে পেরে কলকাতা বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। এরপর জরুরি অবতরণের অনুমতি নিয়ে রবিবার দুপুরে কলকাতা বিমানবন্দরে নিরাপদে নামে এয়ার ক্যালিনের একটি এয়ারবাস এ৩৩০।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বিমানটিতে মোট ২৮০ জন ছিলেন। তাঁদের মধ্যে ২৬৮ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য। উল্লেখযোগ্য বিষয় হল, বিমানে থাকা প্রত্যেকেই বিদেশি নাগরিক। তাঁদের কারও কাছেই ভারতে প্রবেশের ভিসা ছিল না। তাই বিমান অবতরণের পর তাঁদের জন্য বিশেষ পাসের ব্যবস্থা করা হয়।

জানা গিয়েছে, এসবি–৫০১ নম্বরের বিমানটি ১২ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত সাড়ে ৯টা নাগাদ প্যারিস থেকে নিউ ক্যালিডোনিয়ার রাজধানী নুমেয়ার উদ্দেশে রওনা দিয়েছিল। মাঝপথে ব্যাঙ্ককে অবতরণ করে জ্বালানি নেওয়ার কথা ছিল। কিন্তু কলকাতার আকাশসীমার উপর দিয়ে যাওয়ার সময় আচমকাই বিমানের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়।

পরিস্থিতির গুরুত্ব বুঝে পাইলট কলকাতা বিমানবন্দরের এটিসির সঙ্গে যোগাযোগ করেন। যান্ত্রিক ত্রুটির কথা জানিয়ে জরুরি অবতরণের অনুমতি চান তিনি। এরপর বিমানটিকে কলকাতায় নামানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়।

জরুরি অবতরণের আগে বিমানটি কলকাতার আকাশে কয়েক বার চক্কর কাটে। নিয়ম মেনে বিমানের ওজন কমানোর জন্য আকাশেই কিছু জ্বালানি ফেলে দেওয়া হয়। এরপর রবিবার দুপুরে নিরাপদে বিমানটি কলকাতা বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করে। পরে সেটিকে ১১৫ নম্বর বে-তে রাখা হয়।

নিউ ক্যালিডোনিয়ার সরকারি বিমান সংস্থা এয়ার ক্যালেডোনি। সংস্থাটির আন্তর্জাতিক পরিষেবা ‘এয়ার ক্যালিন’ নামে পরিচিত। কলকাতা বিমানবন্দরের রানওয়েতে এই সংস্থার কোনও বিমানের অবতরণ অত্যন্ত বিরল ঘটনা বলেই মনে করছেন প্রবীণ এভিয়েশন বিশেষজ্ঞরা।

বিমানবন্দর সূত্রে খবর, বিমানে থাকা ২৮০ জনই নিরাপদে রয়েছেন। ইঞ্জিনে কী কারণে সমস্যা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিমানটির পরবর্তী যাত্রা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

Leave a comment