পুরভোটের আগে রাজ্য বিজেপির সংগঠনে বড়সড় রদবদল করা হল। শুক্রবার কেন্দ্রীয় নেতৃত্বের তরফে একাধিক পদে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। রাজ্য সংগঠনের পাশাপাশি মহিলা ও যুব মোর্চা এবং একাধিক সাংগঠনিক জেলাতেও নেতৃত্ব বদল হয়েছে।

রদবদলের সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্ত মহিলা মোর্চাকে ঘিরে। অগ্নিমিত্রা পালের জায়গায় অভিনেত্রী অঞ্জনা বসুকে মহিলা মোর্চার সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিন বিজেপির সঙ্গে যুক্ত থাকা অঞ্জনা এবার দলের মহিলা সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন।

দলের ‘এক পদ, এক ব্যক্তি’ নীতি অনুসরণ করেই এই পরিবর্তন বলে সূত্রের খবর। এই নীতির জেরে সাংগঠনিক পদ থেকে সরানো হয়েছে তিন মন্ত্রী তাপস রায়, জগন্নাথ চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পালকে। একইসঙ্গে রাজ্য সংগঠনে একাধিক পদে নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

যুব মোর্চার সভাপতির পদেও বদল হয়েছে। ইন্দ্রনীল খাঁর পরিবর্তে বিধায়ক অমিত সামন্তকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য সাধারণ সম্পাদক পদে এসেছেন লকেট চট্টোপাধ্যায় এবং বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।

সাতটি সাংগঠনিক জেলাতেও সভাপতি পরিবর্তন করা হয়েছে। তালিকায় রয়েছে বারাসত, বনগাঁ, শ্রীরামপুর, আরামবাগ, মেদিনীপুর, বর্ধমান এবং কাটোয়া। যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় রাজ্য সম্পাদক পদ হারিয়েছেন। অন্যদিকে দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তাকে রাজ্য সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন দায়িত্বপ্রাপ্তদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। পুরভোটের আগে সংগঠনকে নতুন করে সাজানোর লক্ষ্যেই এই রদবদল বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। বিভিন্ন স্তরে দায়িত্ব বদলের পর আগামী দিনে পুরভোটকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক তৎপরতা কীভাবে এগোয়, সেটাই এখন দেখার।

Leave a comment