মঙ্গলের পর বুধবারেও বৃষ্টির চোখরাঙানি থামছে না। দফায় দফায় বৃষ্টি হতে পারে কলকাতায়। পাশাপাশি দক্ষিণবঙ্গের ৩টি জেলা ও উত্তরবঙ্গের ৫টি জেলায় আজ জারি রয়েছে হলুদ সতর্কতা। বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। উত্তরবঙ্গেও জারি থাকবে বৃষ্টির দাপট।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইএমডি-র তরফে জানানো হয়েছে,পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার এক-দুই জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে আইএমডি।

Leave a comment