রাজ্যে ক্ষমতাসীন হওয়ার পরেই বঙ্গ নয়া উদ্যোগের সঙ্গে দুর্গাপুজো পালনে বদ্ধ পরিকর। সেইমতোই এবার ১০ অক্টোবর, মহালয়ায় হতে চলেছে ইডেনে শারদোৎসবের মেগা শো। সেই শোয়ের উদ্বোধন করতেই কলকাতায় আসবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার আগেই চলছে প্রস্তুতি। এর মধ্যেই কলকাতার সব বেহাল রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে।
জানা যাচ্ছে, রাস্তার অবস্থা পরিদর্শন করতে নামতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরসভা সূত্রে খবর, কলকাতা পুরসভার সড়ক বিভাগের ইঞ্জিনিয়ার ও কর্মীদের কার্যত যুদ্ধকালীন তৎপরতায় সব ক’টি রাস্তা সারানোর কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ছোট-বড় মিলিয়ে প্রায় দেড়শো রাস্তা সারাই হবে মহালয়ার আগেই।
ধর্মতলা, বিবাদি বাগের অফিসপাড়ার একাধিক রাস্তা, আশুতোষ মুখার্জি রোজ, ইএম বাইপাস, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এনএসসি বোস রোড, রাজা এসসি মল্লিক রোডের মতো রাস্তাগুলি মেরামতের কাজ করা হবে। তালিকায় থাকা চিংড়িঘাটা এবং ইএম বাইপাস ক্রসিং, চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের বিভিন্ন অংশে ইতিমধ্যেই মেরামতির কাজ শুরু হয়েছে। সব মিলিয়ে প্রায় দেড়শো রাস্তা ৯ দিনে সারাই করার টার্গেট নিয়েছে পুরসভা।
পুরসভার পক্ষ থেকে জানা যাচ্ছে, এ বছর টানা বৃষ্টিতে রাস্তা মেরামতির কাজ বাধাপ্রাপ্ত হয়েছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে খারাপ রাস্তার তালিকা পাঠানো হয়েছে কলকাতা পুরসভাকে। শহরের ব্যস্ত রাস্তগুলির কাজ হবে রাতে। তুলনামূলকভাবে যে সব রাস্তা কম ব্যস্ত, ছোট গলি রাস্তাগুলিতে দিনে কাজ চলবে।

Leave a comment