এক ক্লিকেই এখন বাড়িতে পৌঁছে যাচ্ছে ওষুধ। প্রেসক্রিপশনের ছবি আপলোড করে কিংবা ওষুধের নাম সার্চ করে অনলাইন ফার্মেসি থেকে প্রয়োজনীয় মেডিসিন কেনা যায়। এতে সময় ও পরিশ্রম দুটোই বাঁচে। তবে ওষুধের ক্ষেত্রে সামান্য অসাবধানতাও স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই অনলাইনে ওষুধ অর্ডারের আগে কয়েকটি বিষয় অবশ্যই যাচাই করা প্রয়োজন।

প্রেসক্রিপশনের সঙ্গে অর্ডার মিলিয়ে নিন: প্রেসক্রিপশন আপলোড করার পর অনলাইন ফার্মেসি যে ওষুধগুলি কার্টে যুক্ত করে, অর্ডার দেওয়ার আগে সেগুলির নাম, ডোজ এবং সংখ্যা মূল প্রেসক্রিপশনের সঙ্গে মিলিয়ে দেখুন। কোনও ভুল থাকলে চিকিৎসক বা ফার্মাসিস্টের সঙ্গে যোগাযোগ করুন।

Salt ও Strength দেখুন: ওষুধের নাম এক হলেও Salt বা মূল উপাদান এবং Strength আলাদা হতে পারে। তাই প্রেসক্রিপশনের সঙ্গে এই তথ্য মিলিয়ে নেওয়া জরুরি। কোনও Substitute বা বিকল্প ব্র্যান্ড দেওয়া হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া তা খাবেন না।

মেয়াদ ও উৎস যাচাই করুন: ওষুধটি অনুমোদিত ম্যানুফ্যাকচারার বা ডিস্ট্রিবিউটরের কাছ থেকে এসেছে কি না খেয়াল করুন। প্যাকেট বা স্ট্রিপে Manufacturing Date এবং Expiry Date পরীক্ষা করুন। শুধুমাত্র আকর্ষণীয় ডিসকাউন্ট দেখে ওষুধ কেনা ঠিক নয়।

সংরক্ষণের নিয়ম পরীক্ষা করুন: সব ওষুধ একইভাবে রাখা যায় না। কিছু ওষুধ নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। ইনসুলিনের মতো ওষুধের ক্ষেত্রে ডেলিভারির সময় Cold-chain বজায় রাখা হয়েছে কি না, তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

QR Code ও বিল মিলিয়ে দেখুন: প্যাকেটে QR Code বা Barcode থাকলে সেটি স্ক্যান করে প্রস্তুতকারক, ব্যাচ নম্বর এবং ম্যানুফ্যাকচারিং ও এক্সপায়ারি তারিখ তথ্য যাচাই করা যেতে পারে। ওষুধ হাতে পাওয়ার পর স্ট্রিপের ব্যাচ নম্বর, এমারপি এবং এক্সপায়েরি তারিখ ইনভয়েসের সঙ্গে মিলিয়ে নিন। প্রতিটি স্ট্রিপে প্রয়োজনীয় তথ্য ছাপা রয়েছে কি না, সেটিও দেখুন।

তাই অনলাইনে ওষুধ কেনার সময় শুধু দাম বা বেশি ছাড় নয়, ওষুধের গুণমান ও মেয়াদসহ সবটাই সঠিকমতো যাচাই করা প্রয়োজন।

Leave a comment