পুজোর ভিড় যত বাড়ছে, ততই কড়া হচ্ছে কলকাতা পুলিশের নজরদারি। চতুর্থী থেকেই শহরের বিভিন্ন মণ্ডপে দর্শনার্থীদের ভিড় দেখা গিয়েছে। পঞ্চমীতে সেই সংখ্যা আরও বেড়েছে। ষষ্ঠী থেকে ভিড় আরও বাড়তে পারে বলে মনে করছে পুলিশ। তার আগে ট্রাফিক আইন ভাঙা এবং অন্যান্য অভিযোগে পঞ্চমীর দিন মোট ৩৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর।
বাইকে তিনজন করে যাতায়াতের অভিযোগে ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হেলমেট না পরায় ধরা পড়েছেন ৯২ জন। বেপরোয়া ও বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৬৫ জনকে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন আরও ৬১ জন। বাকি ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে অন্যান্য অভিযোগে।
পুজোর ভিড়ে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতেও বিশেষ নজর রাখছে পুলিশ। শহরের রাস্তায় টহলদারির পাশাপাশি মণ্ডপ সংলগ্ন এলাকাতেও নজরদারি চালানো হচ্ছে। কোথাও যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে দিকে নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বার কলকাতায় পুজোর সংখ্যা ২,৯৮১। গত বছরের তুলনায় পুজোর সংখ্যা চারশোরও বেশি বেড়েছে। ফলে ছোট মণ্ডপগুলিতেও পুলিশ মোতায়েন করা হচ্ছে। শহরের প্রতিটি ডিভিশনে গড়ে ১০ থেকে ১৫টি ছোট মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকবেন পুলিশকর্মীরা। কোথাও সার্জেন্ট, কোথাও এএসআইয়ের অধীনে চার থেকে আটজন করে পুলিশকর্মী দায়িত্ব সামলাবেন।
নিরাপত্তার জন্য দু’দফায় ২০টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, ১০টি স্পেশাল রেডিও ফ্লাইং স্কোয়াড এবং ৩০টি পিসিআর মোবাইল ভ্যান মোতায়েন করা হচ্ছে। ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় রেখে চলবে টহলদারি গাড়িগুলি। কোনও জায়গায় আগুন লাগলে দমকলের গাড়িকে ঘটনাস্থলে পৌঁছতে সাহায্য করবে পুলিশ।
শুধু রাস্তায় নয়, জলপথেও চলবে নজরদারি। কলকাতা পুলিশের তিনটি লঞ্চ ১৫টি ঘাটে টহল দেবে। ষষ্ঠী থেকে ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তার দায়িত্বও বাড়বে পুলিশের। সেই কথা মাথায় রেখেই আগাম প্রস্তুতি নিচ্ছে লালবাজার।

Leave a comment