দুর্গাপুজোর পর রাজ্যে বাসভাড়া বাড়ানোর বিষয়ে আলোচনা হতে পারে। সরকারি ও বেসরকারি বাসের পাশাপাশি দূরপাল্লার বাসের ভাড়াও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সোমবার বেসরকারি বাস মালিকদের সঙ্গে বৈঠকের পর পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, পুজোর আগে বাসভাড়া নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। তবে পুজো মিটলে এ বিষয়ে আলোচনা শুরু হতে পারে।
পরিবহণমন্ত্রীর বক্তব্য, ২০১৮ সাল থেকে বাসের সরকারি ভাড়ার তালিকায় কোনও পরিবর্তন হয়নি। দীর্ঘদিন একই ভাড়ায় পরিষেবা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে। বাস পরিষেবা সচল রাখা এবং সাধারণ মানুষের জন্য রাস্তায় আরও বেশি বাস নামানোর স্বার্থেই ভাড়া বৃদ্ধির প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন তিনি।
২০১৮ সালে শেষবার সরকারি ভাবে বাসভাড়া বাড়ানো হয়েছিল। তখন সাধারণ বাসের ন্যূনতম ভাড়া ছিল ৭ টাকা। পরে কোভিড পরিস্থিতির সময় থেকে বাস্তবে অনেক ক্ষেত্রে ১০ টাকা ন্যূনতম ভাড়া নেওয়া শুরু হয়। তবে সেই ভাড়া বৃদ্ধির বিষয়ে কোনও সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি। ফলে এবার সরকারিভাবে ভাড়া বাড়ানো হলে ন্যূনতম ভাড়া কত হবে, তা নিয়ে যাত্রীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
যদিও নতুন ভাড়ার কোনও নির্দিষ্ট অঙ্ক এখনও জানানো হয়নি। পুজোর পর বাস মালিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে ইঙ্গিত মিলেছে।
এদিনের বৈঠকে বাস মালিকদের আরও বেশ কিছু সমস্যার কথা উঠে আসে। টোলপ্লাজায় বিভিন্ন হারে টাকা নেওয়ার অভিযোগের সমাধানে নির্দিষ্ট হার চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা হবে বলে জানানো হয়েছে।
নাইট পার্কিং নিয়ে দীর্ঘদিনের সমস্যাও মেটানোর আশ্বাস মিলেছে। পাশাপাশি বকেয়া করের উপর জরিমানা কমানোর বিষয়েও বাস মালিকদের আশ্বস্ত করা হয়েছে।
অন্যদিকে, দুর্গাপুজোর ভিড় সামলাতে পুজোর আগেই প্রায় ৩০০টি সরকারি বাস রাস্তায় নামানোর কথা জানিয়েছেন পরিবহণমন্ত্রী। ফলে উৎসবের সময়ে গণপরিবহণে বাড়তি চাপ কিছুটা কমতে পারে।

Leave a comment