তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে সঙ্গে নিয়ে তাঁর কালীঘাটের বাড়িতে গেলেন তদন্তকারীরা। মঙ্গলবার দুপুরে এই অভিযান চালানো হয়। তদন্তের অংশ হিসেবে সুমিতকে সঙ্গে নিয়ে বাড়ির বিভিন্ন জায়গায় ঘুরে দেখেন তদন্তকারীরা এবং তাঁকে একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।

তদন্তকারীদের সূত্রে খবর, জেরায় সুমিত দাবি করেছিলেন, কালীঘাটের ওই বাড়িতেই আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক কাজ চলত। তাঁর সেই বয়ান যাচাই করতেই এদিন তাঁকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন তদন্তকারীরা। বাড়ির বিভিন্ন অংশে নিয়ে গিয়ে তাঁর বক্তব্যের সঙ্গে বাস্তব পরিস্থিতি মিলিয়ে দেখার চেষ্টা করা হয়।

জমি দুর্নীতি-সহ একাধিক অভিযোগের তদন্তে দীর্ঘদিন ধরেই সুমিত রায়কে খুঁজছিল সিআইডি। একাধিকবার তাঁর বাড়িতে তল্লাশিও চালানো হয়েছিল। গত ১০ সেপ্টেম্বর অভিষেকের কালীঘাটের বাড়িতে সিআইডি ও এসটিএফের যৌথ অভিযানের সময় তাঁকে গ্রেফতার করা হয়। শালবনির জমি সংক্রান্ত মামলায় গ্রেফতারের পর আদালতের নির্দেশে তাঁকে হেফাজতে নেয় তদন্তকারী সংস্থা।

এরপর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় সুমিতকে। তদন্তকারীদের দাবি, সেই জেরায় তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁর বক্তব্যের সত্যতা যাচাই এবং মামলার তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতেই এদিনের এই পুনর্নির্মাণ বলে জানা গিয়েছে।

তদন্তকারীদের অনুমান, ঘটনাস্থলে সুমিতের বক্তব্যের সঙ্গে বিভিন্ন তথ্য মিলিয়ে দেখলে মামলার সঙ্গে যুক্ত আরও কিছু সূত্র সামনে আসতে পারে। সেই সূত্র ধরেই পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে পুলিশের।

Leave a comment