রাস্তা নিয়ে বিতর্কের আবহেই স্বাস্থ্য ও পুর দফতরের দুই মন্ত্রীকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, বুধবার নবান্নে ক্যাবিনেট বৈঠকের সময় শারদ্বত ও অগ্নিমিত্রা পালের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁদের উদ্দেশে তাঁর বার্তা, এবার থেকে দফতরে বসে মন দিয়ে কাজ করতে হবে।

এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বসেছিল মন্ত্রিসভার বৈঠক। বৈঠকের ফাঁকেই দুই মন্ত্রীর সঙ্গে আলাদা করে কথা বলেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, তাঁদের দফতরে নিয়মিত বসে কাজ করার পরামর্শ দেন তিনি। সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের পরিপ্রেক্ষিতেই এই বার্তা বলে মনে করা হচ্ছে।

শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সম্প্রতি নিয়মিত বিভিন্ন এলাকা পরিদর্শনে দেখা গিয়েছে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে। বেআইনি পার্কিং থেকে রাস্তার পরিস্থিতি, একাধিক বিষয় নিয়ে সরেজমিনে খোঁজ নেন তিনি। কখনও পুরকর্মী বা স্থানীয়দের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন, আবার কোথাও রাস্তা আরও সুন্দর করার পরামর্শও দিয়েছেন।

তবে মন্ত্রীর এই ধরনের পরিদর্শন ঘিরে প্রশংসার পাশাপাশি বিতর্কও তৈরি হয়েছে। ফুটপাথে এক মহিলা সন্তানের জন্য দুধ গরম করছিলেন। তাঁকে অগ্নিমিত্রা পাল ধমক দিয়েছেন বলে অভিযোগ ওঠে। যদিও পরে মন্ত্রীর বক্তব্য ছিল, রাস্তার উপর আগুন জ্বালানো বিপজ্জনক এবং তাতে দুর্ঘটনার আশঙ্কা থাকে। বিষয়টি নিয়ে পরে মুখ্যমন্ত্রীকেও হস্তক্ষেপ করতে হয়েছিল বলে সূত্রের খবর।

এর পাশাপাশি দোকানের সামনে সাইকেল রাখা বা রাস্তা দিয়ে হাঁটার মতো বিষয়েও অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হয়েছে। মন্ত্রীর যুক্তি ছিল, ফুটপাথ ব্যবহার করে হাঁটলে দুর্ঘটনার সম্ভাবনা কমানো সম্ভব।

অন্যদিকে স্বাস্থ্য দফতরের মন্ত্রীকেও রাজ্যের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করতে দেখা গিয়েছে। কলকাতা থেকে জেলার হাসপাতাল—পরিকাঠামো এবং পরিষেবা খতিয়ে দেখতে একাধিক জায়গায় গিয়েছেন তিনি। সেখানেও বিভিন্ন বিষয়ে পরামর্শ ও নির্দেশ দেওয়ার পাশাপাশি কিছু ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার নবান্নে দুই মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল। সূত্রের খবর, মাঠে ঘুরে পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি এবার সংশ্লিষ্ট দফতরে বসে প্রশাসনিক কাজকর্মে আরও বেশি নজর দেওয়ার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী।

Leave a comment