জেন জি-র সঙ্গে সরাসরি কথোপকথনে এবার জোর দিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চায়ের আড্ডায় তরুণ প্রজন্মের সঙ্গে বসে তাঁদের কথা শুনবেন তিনি। পাশাপাশি যুবদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেবেন মুখ্যমন্ত্রী। সোমবার কৈখালিতে বিজেপির ‘যুব ভারত সংলাপ’ অনুষ্ঠানে এই কর্মসূচির কথা জানান শুভেন্দু।
অনুষ্ঠান মঞ্চ থেকেই যুব সমাজকে চা-চক্রের আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আপনাদের সবার সঙ্গে একটি চায়ের মিটিং করব। তিন ঘণ্টা যত প্রশ্ন আছে করবেন।” তাঁর বক্তব্য, শিক্ষা, কর্মসংস্থান, খেলাধুলো এবং স্কিল ট্রেনিং-সহ যুবদের জন্য একাধিক ক্ষেত্রে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া গ্যারান্টিগুলি পূরণের ক্ষেত্রেও রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।
শুভেন্দুর এই ঘোষণার আগে একই অনুষ্ঠানে জেন জি-কে নিয়ে বক্তব্য রাখেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। তাঁর বার্তা, মোবাইলের পর্দা বা রিলের দুনিয়ায় আটকে না থেকে বাস্তবের সঙ্গে যুক্ত হতে হবে তরুণ প্রজন্মকে। ভারতের সংস্কৃতি, ঐতিহ্য, খেলাধুলো এবং সঙ্গীতের সঙ্গে আরও বেশি করে যুক্ত হওয়ার পরামর্শও দেন তিনি। নীতীনের বক্তব্য, দেশের যুবসমাজ রিল এবং বাস্তবের মধ্যে পার্থক্য বোঝে এবং কোনটা সঠিক, সেটাও তারা জানে।
এই বক্তব্যের পরই জেন জি-র সঙ্গে আলাদা করে সময় কাটানোর কথা জানান শুভেন্দু। জানা গিয়েছে, রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁয়ের কাছ থেকে যুবদের একটি তালিকাও নেবেন মুখ্যমন্ত্রী। সেই তালিকা অনুযায়ী তরুণদের সঙ্গে চা-চক্রে বসে তাঁদের মতামত, প্রশ্ন এবং প্রত্যাশার কথা শুনবেন তিনি।

Leave a comment