অযোধ্যার রাম মন্দির এবার দেখা যাবে দুর্গাপুরের ক্ষুদিরাম মাঠে। দুর্গাপুজো উপলক্ষে সেখানে তৈরি হচ্ছে অযোধ্যার ঐতিহাসিক রাম মন্দিরের আদলে বিশাল থিম মণ্ডপ। ইতিমধ্যেই জোরকদমে চলছে মণ্ডপ তৈরির কাজ। শিল্পীদের নিপুণ হাতে ধীরে ধীরে ফুটে উঠছে মন্দিরের আদল।

দুর্গাপুজোর দিন যত এগিয়ে আসছে, ততই এই অভিনব ভাবনাকে ঘিরে উৎসাহ বাড়ছে দুর্গাপুরবাসীর মধ্যে। মণ্ডপে তুলে ধরা হবে রাম মন্দিরের স্থাপত্যশৈলী। সূক্ষ্ম কারুকাজের পাশাপাশি থাকছে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থাও। সন্ধ্যার পর আলোয় সেজে উঠবে গোটা পুজো প্রাঙ্গণ।

উদ্যোক্তাদের দাবি, মণ্ডপের বিভিন্ন অংশে দর্শনার্থীদের জন্য থাকবে একাধিক চমক। প্রায় ১ কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে এই পুজোর আয়োজন। ইতিমধ্যেই মণ্ডপ চত্বরে এসে পৌঁছেছে রাম, সীতা ও হনুমানের প্রতীকী মূর্তি। রয়েছে হাতির প্রতিকৃতিও। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে সেগুলিকে সাজিয়ে তোলা হবে।

‘ইচ্ছে পূরণ’-এর উদ্যোগে গত চার বছর ধরে এই দুর্গাপুজোর আয়োজন হচ্ছে। প্রতি বছরই নতুন কোনও ভাবনা তুলে ধরে দর্শনার্থীদের আকর্ষণ করার চেষ্টা করেন উদ্যোক্তারা। তবে এবারের পরিকল্পনা যে অন্যবারের তুলনায় বড়সড়, তা প্রস্তুতির শুরু থেকেই স্পষ্ট।

পুজোর মণ্ডপ থেকে আলো—প্রতিটি ক্ষেত্রেই বিশেষ পরিকল্পনা করা হয়েছে। উদ্যোক্তা পারিজাত গঙ্গোপাধ্যায়ের কথায়, এবারের দুর্গাপুজো গোটা রাজ্যের নজর কাড়বে। ক্ষুদিরাম মাঠের এই পুজো দর্শনার্থীদেরও ভাল লাগবে বলে আশাবাদী তিনি।

এর আগে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে রাম মন্দিরের আদলে তৈরি দুর্গাপুজোর মণ্ডপ দর্শকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছিল। এবার জেলার পুজোয় সেই আদলের মণ্ডপ ঘিরে নতুন করে তৈরি হয়েছে আগ্রহ। শিল্পীদের হাতে ক্ষুদিরাম মাঠে গড়ে উঠতে চলা এই ‘একফালি অযোধ্যা’ দেখতে এখন পুজোর অপেক্ষায় দুর্গাপুরবাসী।

Leave a comment