দুর্গাপুজোর সময় যাত্রী ও প্যান্ডেল হপিং করা দর্শনার্থীদের বাড়তি ভিড় সামলাতে প্রস্তুতি শুরু করল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। পুজোর দিনগুলিতে যাতে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা যায়, সে জন্য স্টেশনগুলিতে ভিড় নিয়ন্ত্রণ, টিকিট পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।

এই নিয়ে শিয়ালদহের DRM রাজীব সাক্সেনার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। বৈঠকে বিভিন্ন শাখার আধিকারিক, স্টেশন কর্তৃপক্ষ এবং ফ্রন্টলাইন কর্মীরা অংশ নেন। গত পুজোয় শিয়ালদহ স্টেশনে একদিনে প্রায় ২১ লক্ষ যাত্রীর সর্বোচ্চ ফুটফল হয়েছিল। এবার সেই সংখ্যা আরও বাড়তে পারে বলেই বাড়তি প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রেলের পরিকল্পনা অনুযায়ী, শিয়ালদহ ও কলকাতা স্টেশনের সমস্ত টিকিট কাউন্টার ২৪ ঘণ্টা চালু রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যস্ত সময়ে অতিরিক্ত বুকিং ক্লার্কও মোতায়েন করা হবে। পাশাপাশি ২৪ ঘণ্টা ATVM পরিষেবার পাশাপাশি Hand-Held Terminal (HHT)-এর মাধ্যমে ভিড়ের মধ্যেই যাত্রীদের টিকিট দেওয়ার ব্যবস্থা থাকবে।

ভিড় নিয়ন্ত্রণে স্টেশনগুলিতে CCTV নজরদারি জোরদার করা হবে। পরিস্থিতি অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য RPF কর্মীদেরও বিশেষভাবে মোতায়েন রাখা হবে। প্ল্যাটফর্মে যাত্রীদের লাইন, স্টেশনে প্রবেশ ও বেরনোর পথ এবং সামগ্রিক যাত্রী চলাচলের উপর নজর রাখবে RPF।

শিয়ালদহ স্টেশনে মেইল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের জন্য পৃথক প্রবেশ ও বহির্গমন ব্যবস্থাও করা হয়েছে। এর ফলে যাত্রীদের ক্রস-মুভমেন্ট কমানো সম্ভব হবে বলে মনে করছে রেল।

দমদম স্টেশনেও বাড়ানো হচ্ছে যাত্রীদের জন্য নির্ধারিত এলাকা। ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের দিকের বুকিং কাউন্টার সরিয়ে বড় যাত্রী এলাকা তৈরির কাজ চলছে। অন্যদিকে, ব্যারাকপুরে রানাঘাট প্রান্তে FOB-এর কাছে নতুন বুকিং কাউন্টার দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে Central FOB-এর উপর চাপ কমবে।

যাত্রী পরিষেবা আরও উন্নত করতে শিয়ালদহ, বালিগঞ্জ ও দমদম স্টেশনে আধুনিক শৌচাগার কমপ্লেক্স তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বিধাননগর সাবওয়েতেও যাত্রী চলাচল আরও নিরাপদ করতে সংশোধন ও পরিকাঠামোগত উন্নয়নের কাজ চলছে। পাশাপাশি বিভিন্ন লেভেল ক্রসিংয়ের অ্যাপ্রোচ রোডের উন্নয়ন ও শক্তিশালীকরণের কাজও করা হচ্ছে।

জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখে জরুরি বহির্গমন, চিকিৎসা পরিষেবা এবং দুর্যোগ মোকাবিলার বিষয়ে কর্মীদের প্রশিক্ষণ ও ব্রিফিং দেওয়া হচ্ছে।

শিয়ালদহের DRM রাজীব সাক্সেনা নির্দেশ দিয়েছেন, পুজোর ভিড় শুরু হওয়ার আগেই গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত কাজগুলি শেষ করতে হবে। যাত্রী পরিষেবা এবং নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েই সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a comment