বৃষ্টির দাপট আপাতত কিছুটা কম। আর তার জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বাড়ছে গরমের অস্বস্তি। মঙ্গলবার সকাল থেকেই রোদের তেজ ছিল যথেষ্ট। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে তাপমাত্রা খুব বেশি না বাড়লেও ঘাম ও অস্বস্তি দুটোই বেড়েছে। তবে এই বিরতি দীর্ঘস্থায়ী হচ্ছে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা বাড়বে। শুক্রবার বিশ্বকর্মা পুজোর দিনও বৃষ্টির সম্ভাবনা থাকছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখার অবস্থানের কারণে ফের বর্ষার সক্রিয়তা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আপাতত মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকবে। তবে বৃহস্পতিবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। শনিবার পর্যন্ত একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গের কোনও কোনও এলাকায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পুজোর মরশুমে আবহাওয়ার মেজাজ যে পুরোপুরি শুকনো থাকবে না, তা ইতিমধ্যেই স্পষ্ট।
উত্তরবঙ্গের পরিস্থিতি অবশ্য দক্ষিণের তুলনায় সম্পূর্ণ আলাদা। সেখানে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার দু-একটি জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।
মঙ্গলবার কালিম্পং ও জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির বিস্তার আরও বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি চলতে পারে। তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির প্রবণতা কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। ওই দিনের জন্য আপাতত কোনও সতর্কতা জারি করা হয়নি।
কলকাতাতেও আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। তার বদলে দিনের গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি অনুভূত হতে পারে। বৃহস্পতিবার থেকে শহরে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রপাত এবং দমকা হাওয়ার সম্ভাবনা থাকছে। শনিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকতে পারে।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩২.২ ডিগ্রিতে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮ থেকে ৯৬ শতাংশ। ফলে তাপমাত্রার পারদ খুব বেশি না উঠলেও আর্দ্রতার কারণে গরমের অনুভূতি যথেষ্ট বেশি হচ্ছে।

Leave a comment