ফের বিহারে মহিলা পর্যটককে হেনস্থার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। জামুই ও সমস্তিপুরের পর এবার বাঁকা জেলার মন্দার হিল থেকে সামনে এসেছে একটি ভাইরাল ভিডিও। সেখানে এক মহিলা পর্যটককে কয়েকজন ব্যক্তি ঘিরে ধরে অশালীন আচরণ করছেন বলে অভিযোগ। ভিডিওটি পুরনো হলেও সম্প্রতি পুলিশের হাতে আসার পর তদন্ত শুরু হয়েছে।

জানা গিয়েছে, মন্দার হিলে বেড়াতে গিয়েছিলেন ওই মহিলা। অভিযোগ, সেখানে অন্তত ছয়জন ব্যক্তি তাঁকে হেনস্থা করেন। ভিডিওতে কয়েকজনের হাতে জুতো এবং লাঠির মতো জিনিস দেখা যায়। মহিলার সঙ্গে থাকা ব্যক্তিদেরও কলার ধরে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ।

ভিডিওটি পুলিশের নজরে আসার পর তদন্তকারীরা মন্দার হিলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। আশপাশের দোকানদারদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত ভিডিওতে দেখা ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয়নি। ছয় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। ফলে ঘটনাটি ঠিক কবে ঘটেছিল, তা নিশ্চিত করতে তদন্ত চলছে। ভিডিওতে থাকা তারিখ, ফুটেজ এবং স্থানীয়দের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে।

বাঁকার ঘটনা এমন সময়ে সামনে এসেছে, যখন বিহারের জামুইয়ে এক কিশোরী ও তাঁর বন্ধুকে হেনস্থার অভিযোগ নিয়ে তোলপাড় চলছে। অভিযোগ, কোচিং থেকে ফেরার সময় কয়েকজন তাঁদের রাস্তা আটকে দেয়। এরপর তাঁদের গালিগালাজ ও শারীরিক হেনস্থা করা হয়। সেই ঘটনার ভিডিওও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এরপরেই সমস্তিপুরে এক নাবালক ও নাবালিকাকে কয়েকজন মোটরবাইক আরোহী ঘিরে ধরে হেনস্থা করেছে বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

পরপর এই ধরনের ঘটনা সামনে আসায় বিহারে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে পর্যটনকেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। মন্দার হিলের ঘটনায় এখনও গ্রেফতারি না হলেও অভিযুক্তদের শনাক্ত করতে তদন্ত চালাচ্ছে পুলিশ। ভাইরাল ভিডিওটির সম্পূর্ণ প্রেক্ষাপটও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a comment