আচমকাই ভেঙে পড়ল পাঁচতলা একটি বাড়ি। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তরপূর্ব দিল্লির সীমাপুরি এলাকায়। বাড়িটি ভেঙে পড়ার পর থেকেই ধ্বংসস্তূপের নীচে কেউ চাপা পড়েছেন কি না, তা নিয়ে শুরু হয়েছে তল্লাশি। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ ও দমকল। এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর মেলেনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুপুর আড়াইটে নাগাদ বাড়ি ভেঙে পড়ার খবর আসে। খবর পেয়েই সেখানে পৌঁছন দমকলকর্মী ও পুলিশ আধিকারিকেরা। ধ্বংসস্তূপের বড় বড় অংশ সরিয়ে ভিতরে তল্লাশি চালানো হচ্ছে। উদ্ধারকারীদের আশঙ্কা, ধ্বংসস্তূপের নীচে কেউ থাকলে কংক্রিট সরানোর সময় সামান্য অসাবধানতাতেও বিপদ হতে পারে। তাই বেশ সাবধানে কাজ চলছে।

বাড়ি ভেঙে পড়ার পর এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলের ছবি এবং ভিডিয়োতে দেখা গিয়েছে, ধ্বংসস্তূপ ঘিরে স্থানীয়দের ভিড়। কয়েক জন বাসিন্দা নিজেরাই উদ্ধারকাজে নেমে পড়েন। হাত দিয়ে পাথর ও কংক্রিটের টুকরো সরিয়ে রাস্তা পরিষ্কার করার চেষ্টা করেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে ওই এলাকার রাস্তায় যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর জন্য অ্যাম্বুল্যান্স চলাচলের রাস্তা ফাঁকা রাখার চেষ্টা চলছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বাড়িটি ভেঙে পড়ার পর চার-পাঁচ জনকে ধ্বংসস্তূপ থেকে বের করা হয়। পরে তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার উত্তরাখণ্ডে ভূমিকম্প হয়েছিল। তার জেরেই বাড়িটির কাঠামো দুর্বল হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের একাংশের এমন দাবি থাকলেও প্রশাসনের তরফে এখনও বিষয়টি নিশ্চিত করা হয়নি। বাড়ি ভেঙে পড়ার প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, গত মাসেই দিল্লির সত্য নিকেতনে একটি হস্টেল-বাড়ি ভেঙে পড়েছিল। সেই ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন আরও অনেকে। মৃত ও আহতদের বেশির ভাগই ছিলেন ওই বাড়ির আবাসিক ছাত্র। সেই ঘটনার পর এক মাসের মধ্যেই রাজধানীতে ফের বাড়ি ভেঙে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।

Leave a comment