আসন পুনর্বিন্যাস বিল এবং মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের উদ্যোগী হচ্ছে কেন্দ্র। চলতি মাসের শেষ সপ্তাহে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হতে পারে বলে খবর। ওই অধিবেশনে বিল দু’টি ফের পেশ করার পরিকল্পনা রয়েছে বলে সূত্রের দাবি। তবে দিনক্ষণ নিয়ে এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি।

এর আগে বাজেট অধিবেশনে এই বিল পাশ করানোর চেষ্টা করেছিল কেন্দ্র। কিন্তু ভোটাভুটিতে সেই উদ্যোগ সফল হয়নি। এবার নতুন করে সমর্থন জোগাড়ের চেষ্টা চলছে। অধিবেশন শুরুর প্রায় এক সপ্তাহ আগে বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।

সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন জোগাড় করাই কেন্দ্রের কাছে বড় চ্যালেঞ্জ। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকলেও বিল পাশ করানোর জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চলছে বলে সূত্রের খবর।

এই বিষয়ে ডিএমকে-র সঙ্গেও কথা বলছে কেন্দ্র। তামিলনাড়ুর নির্বাচনের পর ডিএমকে ও কংগ্রেসের সম্পর্কের টানাপড়েনকে কাজে লাগিয়ে সমর্থন আদায়ের চেষ্টা হচ্ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা। পাশাপাশি ছোট বিরোধী দলগুলির কাছেও পৌঁছনোর চেষ্টা চলছে।

এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব হয়েছে বিরোধীদের একাংশ। এই পরিস্থিতিতে বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শেষ পর্যন্ত কেন্দ্র কী সিদ্ধান্ত নেয়, এখন সেটাই দেখার।

Leave a comment