ডিসেম্বরে মার্কিন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফ্লোরিডার মিয়ামিতে ১৪ ও ১৫ ডিসেম্বর জি-২০ শীর্ষ সম্মেলন হওয়ার কথা। ট্রাম্প ন্যাশনাল ডোরাল মিয়ামিতে বসবে এই আন্তর্জাতিক সম্মেলন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই এবারের জি-২০-র আয়োজক। তবে মোদির সফর নিয়ে এখনও নয়াদিল্লির তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
এই সফর ঘিরে সবচেয়ে বেশি চর্চায় রয়েছে মোদি ও ট্রাম্পের সম্ভাব্য দ্বিপাক্ষিক বৈঠক। মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর জানিয়েছেন, জি-২০-তে যোগ দিতে আসা রাষ্ট্রনেতাদের মধ্যে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রে মোদি তাঁর অগ্রাধিকার তালিকায় থাকবেন। তাঁর মন্তব্য থেকেই সম্মেলনের বাইরেও দুই রাষ্ট্রনেতার পৃথক আলোচনার সম্ভাবনা জোরালো হয়েছে।
ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই হতে পারে এই সাক্ষাৎ। রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনা নিয়ে ওয়াশিংটনের চাপ এবং ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্কের হুমকি ইতিমধ্যেই দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে প্রভাব ফেলেছে। ফলে মোদি-ট্রাম্প মুখোমুখি হলে বাণিজ্য-সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে।
জি-২০-র পাশাপাশি ফ্লোরিডায় কোয়াড বৈঠকের প্রস্তুতিও চলছে। ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার এই চার দেশের শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠকটি জি-২০-র পার্শ্ব বৈঠক হিসেবে হওয়ার সম্ভাবনা রয়েছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন কৌশলগত বিষয় নিয়ে সেখানে আলোচনা হতে পারে। তবে কোয়াড বৈঠকের আয়োজন এখনও চূড়ান্ত নয়।
মার্কিন সফর শেষে প্রধানমন্ত্রী মোদি কানাডাতেও যেতে পারেন বলে কূটনৈতিক সূত্রে খবর। ফলে ডিসেম্বরে সম্ভাব্য এই সফরে জি-২০ সম্মেলন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা এবং কোয়াড বৈঠক—একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি যুক্ত হতে পারে।

Leave a comment