আগামী লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনই বিজেপির দখলে আনার লক্ষ্য নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার গুজরাটের ভাদনগরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে সেই কথাই জানান তিনি। শুভেন্দুর কথায়, “আগামী লোকসভা নির্বাচনে মোদিজীর নেতৃত্বে বাংলার সব আসন তাঁকে উপহার দেওয়ার কাজ আমরা করব।”

নরেন্দ্র মোদির প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে বুধবার গুজরাটে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে যোগ দিতে পাহাড় সফর সংক্ষিপ্ত করে গুজরাটে যান শুভেন্দু। অনুষ্ঠানের মঞ্চ থেকে বাংলায় ‘রাষ্ট্রবাদী সরকার’ প্রতিষ্ঠার কথা বলেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষের উন্নয়নে মোদির ভূমিকারও প্রশংসা করেন।

বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, আগের সরকারগুলির আমলে রাজ্যের পরিস্থিতির অবনতি হয়েছে। তোষণের রাজনীতির কারণেই বাংলা পিছিয়ে পড়েছে বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, মোদির নেতৃত্বে রাজ্যে এখন দ্রুত উন্নয়নের কাজ চলছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, আয়ুষ্মান ভারত-সহ কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা বাংলার মানুষ পাচ্ছেন বলেও দাবি করেন তিনি।

এরপরেই লোকসভা ভোটের লক্ষ্যের কথা জানান শুভেন্দু। বাংলার ৪২টি আসনই মোদিকে উপহার দেওয়ার কথা বলেন তিনি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে ১২টি আসনে জিতেছিল বিজেপি। তৃণমূল পেয়েছিল ২৯টি আসন। একটি আসন গিয়েছিল কংগ্রেসের দখলে। ২০১৯ সালে বাংলায় বিজেপির আসন সংখ্যা ছিল ১৮। ফলে গতবারের তুলনায় আসন বাড়ানোই এবার বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। সেই জায়গা থেকেই ৪২টি আসনে জয়ের লক্ষ্য সামনে রাখলেন শুভেন্দু। এদিনের সভা থেকে তৃণমূলকেও কটাক্ষ করেন তিনি। বলেন, “এই দলের নাম ও নিশান মিটে গিয়েছে।”

প্রসঙ্গত, ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন নরেন্দ্র মোদি। প্রায় ১৩ বছর ওই পদে থাকার পর ২০১৪ সালের ২৬ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এরপর ২০১৯ এবং ২০২৪ সালেও প্রধানমন্ত্রী পদে ফের আসেন মোদি। রাজ্য ও দেশের প্রশাসনের শীর্ষ পদে তাঁর ২৫ বছর পূর্তি উপলক্ষে বিজেপির তরফে ‘সেবা সংকল্প অভিযান’ এবং ‘সেবা জ্যোতি যাত্রা’-সহ একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে।

Leave a comment