নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়ি এলাকা। সিকিমের রিম্বিতে ভয়াবহ ধস নেমে একাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি গুরুতর বলে জানিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী। তবে এখনও পর্যন্ত ধসের ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পশ্চিম সিকিমের জোড়থাং-ডেনতাম রাস্তাতেও নেমেছে কাদার স্রোত।
গতকাল দিনভর প্রবল বৃষ্টির পর আগামী ২৪ ঘণ্টাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে নতুন করে ধস ও বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনের তরফে আগে থেকেই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছিল। সেই কারণেই এখনও পর্যন্ত হতাহতের খবর নেই বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনী রয়েছে। পরিস্থিতি সামাল দিতে আরও বাহিনী পাঠানো হচ্ছে।
নিম্নচাপের প্রভাব পড়েছে উত্তরবঙ্গের পাহাড়েও। দুধিয়ায় হিউম পাইপ দিয়ে তৈরি অস্থায়ী সেতুর একটি অংশ ফের জলের তোড়ে ভেসে গিয়েছে। এই নিয়ে তৃতীয় বার সেতুটি ক্ষতিগ্রস্ত হল। দীর্ঘদিন ধরেই সেতুটির মেরামতির কাজ চলছিল। তার মধ্যেই প্রবল জলস্রোতে ফের বিপত্তি। আপাতত ওই পথে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতেই ধসের ঘটনা ঘটছে। ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গাতেও ধস নেমেছে। ফলে পাহাড়ি রাস্তায় যাতায়াত নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি চলতে থাকলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।

Leave a comment