ভয়াবহ তুষারধসে বাংলার পর্বতারোহী ধ্রুবজ্যোতি গুহ এবং এক শেরপা গাইডের মৃত্যুর পর নেপালের মানাসলু অভিযান কার্যত বন্ধ হতে চলেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে চলতি বছরের মতো অভিযান স্থগিত করার ইঙ্গিত দিয়েছে কর্তব্যরত শেরপা দল ও সংশ্লিষ্ট এজেন্সি।
আবহাওয়ার আরও অবনতির পূর্বাভাস থাকায় অভিযাত্রীদের নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
মানাসলু বেস ক্যাম্প থেকে বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় অভিযানের পরিস্থিতি জানান অভিজ্ঞ পর্বতারোহী ও শেরপা গাইড মিংমা জি। তাঁর বক্তব্য, মানাসলুতে আবহাওয়া ইতিমধ্যেই অত্যন্ত খারাপ। আগামী দিনে পরিস্থিতি আরও প্রতিকূল হতে পারে। ভারী বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কাও রয়েছে।
আগামী দু’দিনে প্রায় ১৫০ থেকে ৩৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস পাওয়া গিয়েছে। এমন পরিস্থিতিতে উচ্চতায় অভিযান চালিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ইতিমধ্যেই গতকাল ক্যাম্প ৩ থেকে অভিযাত্রীদের নিচে নামিয়ে আনা হয়েছে। বুধবার শেরপা দল এবং বিভিন্ন দেশের অভিযাত্রীদের আরও নিচের কোনও নিরাপদ উপত্যকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মিংমা জি।
এই পরিস্থিতির মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন কৃষ্ণনগরের বাসিন্দা ধ্রুবজ্যোতি গুহ। পেশায় ইঞ্জিনিয়ার ধ্রুবজ্যোতি জার্মানিতে একটি বহুজাতিক সংস্থায় কর্মরত ছিলেন। ৮,১৬৩ মিটার উচ্চতার মানাসলু শৃঙ্গ জয়ের লক্ষ্য নিয়ে তিনি নেপালে অভিযান শুরু করেছিলেন।
শনিবার রাতে ক্যাম্প ৩-এর কাছে প্রবল তুষারধসে তাঁর তাঁবু বরফের নিচে চাপা পড়ে যায়। তাঁর সঙ্গে থাকা শেরপা গাইড ফুরসেম্বা শেরপাও ওই ঘটনায় মারা যান। উদ্ধারকারী দল প্রায় সাত ফুট বরফের নিচে চাপা পড়া তাঁবু থেকে দু’জনের দেহ উদ্ধার করে। বর্তমানে দেহগুলি বেস ক্যাম্পে নামিয়ে আনার কাজ চলছে।
আবহাওয়ার পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় এখন অভিযাত্রীদের নিরাপদে নিচে নামিয়ে আনাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে ধ্রুবজ্যোতির মৃত্যুর পর চলতি বছরের মানাসলু অভিযান বন্ধ রাখার সিদ্ধান্তই কার্যকর হতে চলেছে।

Leave a comment