কাটরা-বানিহাল রেলপথে বাড়ল ট্রেনের সর্বোচ্চ গতি। এতদিন ঘণ্টায় ৭৫ কিলোমিটার বেগে ট্রেন চললেও এবার সেই সীমা বেড়ে হয়েছে ১০০ কিলোমিটার। শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেসকে দিয়ে নতুন গতির পরীক্ষা করা হয়। নির্ধারিত গতিতে চেনাব রেল সেতু এবং অঞ্জি সেতু পেরিয়েছে ট্রেনটি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পরীক্ষার ছবি প্রকাশ করেছেন।
২৬৪০১/২৬৪০৪ নম্বরের বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে এই পরীক্ষা চালানো হয়। শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে বানিহাল পর্যন্ত প্রায় ১১১ কিলোমিটার রেলপথে এই নতুন গতিসীমা কার্যকর করা হয়েছে। এই অংশটি উধমপুর-শ্রীনগর-বারামুলা রেল লিঙ্ক বা USBRL প্রকল্পের অন্তর্গত।
এই রেলপথের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ চেনাব সেতু। চেনাব নদীর উপর তৈরি সেতুটিকে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু বলা হয়। নদীর জলস্তর থেকে প্রায় ৩৫৯ মিটার উঁচুতে রয়েছে সেতুটির রেললাইন। দুর্গম পাহাড়ি এলাকায় রেল যোগাযোগ তৈরির ক্ষেত্রে এই সেতু গুরুত্বপূর্ণ।
এই রুটেই রয়েছে অঞ্জি সেতু। ভারতের প্রথম কেবল-স্টেড রেল সেতু হিসেবে তৈরি হয়েছে এটি। গভীর উপত্যকার উপর দিয়ে তৈরি অঞ্জি সেতুও USBRL প্রকল্পের উল্লেখযোগ্য পরিকাঠামো। শুক্রবারের পরীক্ষায় চেনাব ও অঞ্জি—দুই সেতুই ১০০ কিলোমিটার গতিতে পার করেছে বন্দে ভারত।
কাটরা-বানিহাল রুটের বেশিরভাগ অংশ পীর পঞ্জাল ও নিম্ন হিমালয়ের পাহাড়ি এলাকায়। এই পথে রেললাইন তৈরি করতে গিয়ে নানা ধরনের সমস্যার মুখে পড়তে হয়েছে। কোথাও খাড়া পাহাড়, কোথাও গভীর উপত্যকা, আবার কোথাও নদী। সেই কারণে তৈরি করতে হয়েছে দীর্ঘ সুড়ঙ্গ এবং উঁচু সেতু। আধুনিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিরও ব্যবহার হয়েছে কাজে।
রেলের গতি বাড়ায় কাটরা ও বানিহালের মধ্যে যাতায়াতের সময় কমার সম্ভাবনা রয়েছে। ফলে যাত্রীদের দ্রুত পরিষেবা দেওয়ার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে পাহাড়ি এই রুটে ট্রেন চলাচল আরও মসৃণ করার ক্ষেত্রেও নতুন গতিসীমা কাজে আসবে বলে মনে করা হচ্ছে।
USBRL প্রকল্পের মাধ্যমে জম্মু-কাশ্মীরের দুর্গম এলাকাগুলিকে রেলপথে যুক্ত করার কাজ চলছে। সেই প্রকল্পের গুরুত্বপূর্ণ দুই সেতু পেরিয়ে বন্দে ভারতের ১০০ কিলোমিটার গতির সফল পরীক্ষা রেল যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আরও একটি উল্লেখযোগ্য সংযোজন।

Leave a comment