নদিয়ার ভীমপুরে ১১ বছরের এক নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় মফিজুল শেখ নামে প্রায় ২০ বছরের এক যুবককে গ্রেফতার করেছে ভীমপুর থানার পুলিশ। অভিযুক্ত ওই নাবালিকার মাসতুতো দাদা বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে নাবালিকার বাবা চাষের কাজে মাঠে চলে যান। বাড়িতে তখন একাই ছিল মেয়েটি। অভিযোগ, সেই সময় বাড়িতে আসে মফিজুল। বাড়ির দরজা ও জানলা বন্ধ করে নাবালিকার উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।
এর কিছুক্ষণ পরেই প্রতিবেশীরা বাড়ির ভিতর থেকে নাবালিকার কান্না ও চিৎকার শুনতে পান। আওয়াজ শুনে তাঁরা দ্রুত সেখানে ছুটে যান। স্থানীয়দের দাবি, মেয়েটিকে বিছানায় অসুস্থ অবস্থায় পাওয়া যায়। যন্ত্রণায় সে কাঁদছিল বলে জানিয়েছেন প্রতিবেশীরা। তাঁদের দাবি, ওই সময় অভিযুক্ত যুবক বাড়ি থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করছিল।
খবর পেয়ে নাবালিকার বাবাকে জানানো হয়। পাশাপাশি পুলিশকেও খবর দেওয়া হয়। ভীমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তবে তার আগেই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা খোঁজ চালিয়ে একটি কুলবাগান থেকে তাকে আটক করেন। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনার পর নাবালিকাকে চিকিৎসার জন্য কৃষ্ণনগর হাসপাতালে পাঠানো হয়েছে। তার মেডিক্যাল পরীক্ষাও করা হয়েছে বলে জানা গিয়েছে। পরিবারের তরফে ভীমপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয়দের একাংশের দাবি, মফিজুলের বিরুদ্ধে এর আগেও চুরির অভিযোগ উঠেছিল। তবে সেই অভিযোগের বিষয়ে পুলিশের তরফে বিস্তারিত তথ্য জানা যায়নি। বর্তমান ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a comment