শহরের রাস্তায় অপরিচ্ছন্নতা রুখতে এবার প্রযুক্তির সাহায্যে কড়া নজরদারি শুরু করল পুরনিগম। রাস্তায় যত্রতত্র আবর্জনা ফেলা, থুতু ফেলা কিংবা প্রকাশ্যে প্রস্রাব করার মতো ঘটনায় এবার নজর রাখছে বিশেষ ক্যামেরাযুক্ত গাড়ি। ‘এএমসি সিটি ওয়াচ’ নামে এই উদ্যোগ শুরু হওয়ার পর প্রথম পাঁচ দিনেই এক লক্ষ টাকার বেশি জরিমানা আদায় হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

পুরনিগমের ১০টি বরো এলাকার জন্য মোট ১০টি বিশেষ নজরদারি গাড়ি রাস্তায় নামানো হয়েছে। কমলা, কালো ও সাদা রঙের এই গাড়িগুলির ছাদে বসানো রয়েছে মুভেবল সিসি ক্যামেরা। ৩৬০ ডিগ্রি ঘুরতে সক্ষম এই ক্যামেরার মাধ্যমে চলন্ত গাড়ি থেকেই শহরের বিভিন্ন রাস্তা ও এলাকার উপর নজর রাখা হচ্ছে।

পুরনিগমের তরফে জানানো হয়েছে, কোন এলাকায় আবর্জনা জমে রয়েছে, কোথায় নিয়ম ভেঙে ময়লা ফেলা হচ্ছে কিংবা কেউ প্রকাশ্যে থুতু বা প্রস্রাব করছেন কি না, সেই সমস্ত বিষয় নজরে আনা হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপও করা হবে।

পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আগেই জানিয়েছিলেন, শহরকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না। সিটি ওয়াচ গাড়িগুলি গোটা পুরনিগম এলাকায় ঘুরে তথ্য সংগ্রহ করবে। নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থাও কার্যকর থাকবে।

তবে শুধু ক্যামেরা দিয়ে নজরদারি নয়, নাগরিকদের সচেতন করাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সাফাইকর্মী এবং ‘স্বচ্ছ বন্ধুরা’ জরিমানা আদায়ের কাজে যুক্ত থাকবেন। প্রশাসনের আশা, নিয়ম ভাঙলে জরিমানার ভয় এবং নিয়মিত প্রচারের ফলে শহরবাসীর মধ্যে পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা বাড়বে।

আসানসোলের পরিচ্ছন্নতা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার অবশ্য নতুন নয়। এর আগে স্বয়ংক্রিয় ভ্যাকুয়াম ক্লিনার এবং ‘স্বচ্ছ অ্যাপ’-এর মতো উদ্যোগ নেওয়া হয়েছে। এবার তার সঙ্গে যুক্ত হল ৩৬০ ডিগ্রি ক্যামেরাযুক্ত নজরদারি গাড়ি।

প্রথম পাঁচ দিনেই লক্ষাধিক টাকা জরিমানা আদায়ের ঘটনায় উদ্যোগটির কার্যকারিতা নিয়ে আশাবাদী পুরনিগম। আগামী দিনেও আসানসোলের বিভিন্ন এলাকায় এই অভিযান চলবে। শহরকে পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখতে নিয়ম ভাঙার বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করা হবে বলেই প্রশাসনের বার্তা।

Leave a comment