অন্নপূর্ণা যোজনার সেপ্টেম্বরের কিস্তি নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১৭ সেপ্টেম্বর যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনেই এই টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। ওই দিন রাজ্যজুড়ে ‘অন্নপূর্ণা দিবস’ পালনের কথাও জানিয়েছে সরকার।
এবারের কিস্তিতে সুবিধা পেতে চলেছেন প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলা। গত মাসের তুলনায় এই সংখ্যা প্রায় ১০ লক্ষ বেশি। অগস্টে প্রায় ১ কোটি ৪৮ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছিলেন। ফলে প্রতিমাসেই প্রকল্পের আওতায় আসা মহিলার সংখ্যা বাড়ছে।
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অন্নপূর্ণা যোজনা চালু করা হয়। ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের জন্য এই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা রয়েছে। জুন মাসে প্রথম দফায় প্রায় ২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছেছিল। পরের মাসে সেই সংখ্যা এক লাফে বেড়ে প্রায় ১ কোটি ১৯ লক্ষ হয়। অগস্টে আরও কয়েক লক্ষ মহিলা প্রকল্পের সুবিধার আওতায় আসেন।
তবে অন্নপূর্ণার টাকা পেতে নির্দিষ্ট যোগ্যতার মাপকাঠি পূরণ করতে হবে। মাসিক আয় ১০ হাজার টাকার বেশি হলে এই সুবিধা মিলবে না। পরিবারের বার্ষিক আয়ও নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। পাশাপাশি একাধিক সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার সুযোগ নেই।
তবে কিছু ক্ষেত্রে বিশেষ ছাড়ও রয়েছে। দিব্যাঙ্গ ভাতা বা পিএম কিষান যোজনার সুবিধা পাওয়া মহিলারাও অন্নপূর্ণা যোজনার আওতায় থাকতে পারেন। গ্রামীণ এলাকার উপভোক্তাদের ক্ষেত্রেও বাড়ি বা জমির নির্দিষ্ট মাপকাঠি নিয়ে কিছু শর্ত রয়েছে। ২৫ থেকে ৬০ বছর বয়সি বিধবারাও নির্দিষ্ট যোগ্যতা পূরণ করলে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন।
এদিকে, যোগ্য হওয়া সত্ত্বেও এখনও অনেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছয়নি। নথিতে ভুল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা বা DBT সংক্রান্ত ত্রুটির কারণে একাংশের অর্থপ্রদান আটকে রয়েছে। সেই তথ্য সংশোধনের পর ভবিষ্যতের কিস্তিতে তাঁদের টাকা পাওয়ার সুযোগ থাকবে বলে জানানো হয়েছে।
সেপ্টেম্বরের কিস্তির জন্য তাই এখন নজর ১৭ সেপ্টেম্বরের দিকে। ওই দিনই প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পৌঁছনোর কথা।

Leave a comment