বিধানসভা উপনির্বাচনের আগে বাড়ি বাড়ি পৌঁছে ভোট সংগ্রহের কাজ শুরু করল নির্বাচন কমিশন। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে ভোটগ্রহণ। তার আগেই প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য বিকল্প ব্যবস্থায় ভোট নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

কমিশনের নিয়ম অনুযায়ী, যে সমস্ত প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটার বুথে গিয়ে ভোট দিতে পারবেন না, তাঁদের কাছ থেকে আগেই আবেদন নেওয়া হয়েছিল। সেই আবেদন খতিয়ে দেখে তৈরি করা হয় ভোটারদের তালিকা। সেই তালিকা ধরেই নির্দিষ্ট পদ্ধতিতে সংশ্লিষ্ট ভোটারদের বাড়িতে পৌঁছে ভোট নিচ্ছেন ভোটকর্মীরা।

পোলিং অফিসার নীলাদ্রি শেখর পন্ডা জানান, কমিশনের নির্দেশ মেনেই তালিকাভুক্ত ভোটারদের বাড়িতে গিয়ে ভোট নেওয়া হচ্ছে। বুথে যাওয়ার অসুবিধা থাকায় এই ব্যবস্থায় স্বস্তি প্রকাশ করেছেন ভোটারদের একাংশ।

স্থানীয় বাসিন্দা আভারানী ও প্রসেনজিৎ পট্টনায়ক জানান, শারীরিক অসুস্থতার কারণে তাঁদের পক্ষে ভোটকেন্দ্রে যাওয়া সম্ভব ছিল না। বাড়িতে এসে ভোট নেওয়ায় তাঁদের জন্য কাজটি অনেক সহজ হয়েছে।

অন্যদিকে, উপনির্বাচন ঘিরে নন্দীগ্রামে নিরাপত্তাও জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই এলাকায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন এলাকায় শুরু হয়েছে টহলদারি। ভোটের আগে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে নজর রাখছে প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, ভোটের দু’দিন আগে নন্দীগ্রামে আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।

Leave a comment