পুজো মিটলেই নদিয়ার হরিণঘাটায় ক্যাম্পাকোলার কারখানা তৈরির কাজ শুরু হবে। বুধবার চতুর্থীর দিন হলদিয়ায় একটি শিল্প প্রকল্পের উদ্বোধনে গিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগামী ২৮ তারিখ বুধবার ওই কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। প্রকল্পটি তৈরি করবে রিলায়েন্স গোষ্ঠী।

হলদিয়াতেও নতুন বিনিয়োগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা অনুযায়ী, সেখানে ৯৮ একর জমিতে পেপসির কারখানা তৈরি হবে। আরও ৫০ একর জমিতে গড়ে উঠবে চিকিৎসার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরির কারখানা। নতুন এই প্রকল্পগুলির হাত ধরে রাজ্যে কাজের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

শিল্প নিয়ে বলতে গিয়ে শুভেন্দু জানান, রাজ্যে আরও বিনিয়োগ আনার চেষ্টা চলছে। লাক্স কোজির নতুন কারখানা এবং আমূলের কারখানা তৈরির উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি। পশ্চিম মেদিনীপুরের দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্রবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে। বিনিয়োগ নিয়ে মুকেশ আম্বানি ও আদানি গোষ্ঠীর সঙ্গেও বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। নিউ টাউনে হাসপাতাল তৈরির কাজ করছে আদানি গোষ্ঠী।

এ দিন হলদিয়ায় ৬ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি ফেনল ও অ্যাসিটোন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেন শুভেন্দু। হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের সহযোগী সংস্থা অ্যাডপার্মা প্রাইভেট লিমিটেড এই কারখানা তৈরি করেছে। প্রকল্পটি চালু হওয়ায় হলদিয়ায় আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

শিল্পাঞ্চলের শ্রমিকদের চিকিৎসার জন্য হলদিয়ায় ট্রমা সেন্টার তৈরির কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ২০২৭ সালের জুন মাসে সেটি চালু করার পরিকল্পনা রয়েছে।

Leave a comment